
সম্প্রতি ‘ছবিওয়ালা’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি ভার্চুয়াল চিত্র প্রদর্শনী
ঐতিহ্যময় বাংলার বুকে একদল ‘ছবিওয়ালা’ নিজেদের স্বপ্ন বুনে চলেছেন কয়েকবছর ধরে। ‘ছবিওয়ালা’-র প্রয়াস শুরু হয় ২০১৯ সালের জুন মাস থেকে। এবছর তাদের দ্বিতীয় বর্ষ পূর্ণ হল। ছবিওয়ালা আক্ষরিক অর্থেই কিছু তরুণ ছবিপ্রেমীদের দল, যার কর্ণধার সৌরভ মিত্র এবং বিপ্লব ধর। মানুষ তাদের চিনেছে স্ট্রিট আর্ট এক্সজিবিশনের মধ্যে দিয়ে৷ বিদেশে, মূলত ইউরোপিয়ান শহরগুলিতে এই স্ট্রিট আর্টের চাহিদা রয়েছে তুঙ্গে। কলকাতায় সেই তুলনায় চাহিদা প্রায় নেই বললেই চলে। ঝাঁ চকচকে ফ্লোর কিংবা শীতাতপনিয়ন্ত্রিত গ্যালারির বাইরে বেরিয়ে রাস্তায় কিছু হলেই কেমন একটা নাকউঁচু ভাব! ‘তোমরা রাস্তায় নাটক করো?’ অথবা ‘ফুটপাতে আর্ট এক্সজিবিশন করিস? গ্যালারি পাসনি?’ এই জাতীয় লাগাতার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই জায়গায় ছবিওয়ালাদের কর্মকাণ্ড আমাদের নজরে পড়ে।

শিল্পী- রাহুল দাশগুপ্ত

শিল্পী- রৌদ্র মিত্র
সম্প্রতি ‘ছবিওয়ালা’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি ভার্চুয়াল চিত্র প্রদর্শনী। যার মাধ্যম মূলত ফেসবুক এবং প্রদর্শনীর শিরোনাম ছিল ‘স্বপ্ন’। করোনাকালীন পরিস্থিতিতে লকডাউন, আইসোলেটেড জীবনে সাধারণ মানুষ কি স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে? প্রায় ৩৭ জন শিল্পীর কাজ দেখে এই প্রশ্নটাই মাথায় আসবে। আর তাঁদের কাজ আরও একবার জানান দেবে, স্বপ্ন দেখার কোনো বয়স নেই, সময় নেই; একমাত্র স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে।
শিল্পী- গৌতম দাস
শিল্পী- পারিজাত ব্যানার্জি
শিল্পী- সৌরভ মিত্র
পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ, ইংল্যান্ড, জার্মানি, সৌদি আরব থেকেও মোট ৩৭ জন শিল্পীর আঁকা প্রদর্শিত হল। ছবির মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ট্র্যাডিশনাল তেলরং, জলরং, ইঙ্ক, অ্যাক্রেলিক। ব্যবহৃত হয়েছে ডিজিটাল মাধ্যমও। রৌদ্র মিত্র নিঁখুত তুলিতে ফুটিয়ে তুলেছেন প্রখ্যাত চিত্রশিল্পী সালভাদর দালির পোর্ট্রেট। আবার সৌরভ মিত্র, রাহুল দাশগুপ্ত-রা সেমি-রিয়্যালিজমের উপর আস্থা রেখে নির্মাণ করেছেন এক অলৌকিক স্বপ্নজগৎ। সুমন কুণ্ডুর ছবিতে যেমন উঠে এসেছে ইম্প্রেশনিজম, তেমনই পারিজাত ব্যানার্জির স্কেচ থেকে বেরিয়ে আসছে মুক্তির আলো থেকে বিষাদের অন্ধকার।
‘ছবিওয়ালা’-র পক্ষ থেকে শিল্পী সৌরভ মিত্র ‘বঙ্গদর্শন’-কে জানিয়েছেন, “ছবিওয়ালা আমাদের স্বপ্নের দল। এই স্বপ্নের জন্মদিনে বিষয় হিসেবে বেছে নিলাম ‘স্বপ্ন’কেই। তাছাড়া করোনা আবহের যে দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে এই স্বপ্নটুকুই তো বাঁচিয়ে রাখছে আমাদের!”

শিল্পী- সৌরভ শী
৩৭ জন শিল্পীর ছবি চিত্রশিল্পের ৩৭টি ভিন্ন ধারা ছুঁয়ে গেছে। ‘বিনামূল্যে’ শব্দটা আমজনতার কাছে আনন্দের উদ্রেক করে। প্রায় সবাই চান বিনামূল্যে পড়তে, জানতে, দেখতে। ‘ছবিওয়ালা’ বিনামূল্যে এই প্রদর্শনী ঘুরে আসার ব্যবস্থা করে দিয়েছে৷ যাদের গ্যালারিতে গিয়ে ছবি দেখা হয়ে ওঠে না, তাঁদের জন্য রইল এই অসাধারণ চিত্র প্রদর্শনী। ফেসবুকে ‘ছবিওয়ালা’র অফিশিয়াল পেজে গেলেই দেখা যাবে এই প্রদর্শনী। উল্লেখ্য, প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত শিল্পী আশিস কুমার রায়কে।
