গায়ে-মাথায় সাবান, ভোটারের পাশে হঠাৎ হাজির ‘হিরো’ হিরণ

ভোট চাইতে খড়গপুরের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন হিরণ, ভাইরাল সেই দৃশ্য

সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র কথা মনে পড়ে যাচ্ছে। সৌমিত্র-শুভেন্দু-রবিদের সারা গায়ে সাবান মেখে স্নান করার সেই বিখ্যাত দৃশ্য। হঠাৎ এসে হাজির কাবেরী বসু, শর্মিলা ঠাকুর। তাদের দেখে লুকিয়ে গিয়েছিলেন শুভেন্দু। আর রবি ঘোষ একাই স্মার্ট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য কি ভোলা যায়?

অবিকল যেন সেই দৃশ্য দেখা গেল খড়গপুরের একটি গলিপথে। এক সাধারণ মানুষ রাস্তার ধারে সাবান মেখে স্নান করছেন আর বিজেপি প্রার্থী তথা ‘হিরো’ হিরণ চট্টোপাধ্যায় প্রচারে এসে তাঁর সঙ্গে ছবি তুলছেন। ভোট চাইতে খড়গপুরের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন হিরণ। কিন্তু ‘পোজ’ দিয়ে এই ছবি তুলিয়ে সোশ্যাল মিডিয়ায় খানিক হাসির পাত্রই হয়েছেন হিরণ। অনেকেই বলছেন, ‘সস্তা’ জনপ্রিয়তা পাওয়ার জন্যই প্রার্থীর এহেন কীর্তি। মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে সাধারণের মধ্যে মিশে যাওয়ার মরিয়া চেষ্টা করছেন, ফলে হারিয়ে ফেলছেন সাধারণ জ্ঞান। 

ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে হিরণ বলছেন, তিনি নাকি জিতেই আছেন এই সিটে। শুধু ফল ঘোষণা হওয়ার অপেক্ষা। ব্রিগেডের মঞ্চে মিঠুনের ডায়ালগ থেকে আসানসোলে সায়নীর দৌড়। অন্যদিকে বাঁকুড়ায় সায়ন্তিকার মিউজিক্যাল চেয়ার থেকে চণ্ডীতলায় যশের হেলমেট ছাড়া বাইক চালানো – বলি মশাই, হচ্ছেটা কী?

Developed by DXDasia