
সোমবার থেকে ইলিশ ধরা শুরু হয়েছে
আমফানের প্রভাবে এবছর রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে সময়েই। মৎসজীবী এবং বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ইলিশ পাওয়ার আবহাওয়া অনুকূল। মৎসজীবীরা ট্রলার নিয়ে বেরিয়ে পড়া শুরু করে দিয়েছেন।
সঠিক সময়ে বর্ষার আগমন, পুবালি হাওয়া এবং মেঘলা আবহাওয়া থাকলে ইলিশ পেতে সুবিধে হয়। চলতি বছর তিনটি শর্তই পূরণ করেছে প্রকৃতি। একটানা লকডাউনের কারণে দূষণও অনেক কম। জলের গুণগত মান ভালো হওয়ায় মোহনার কাছে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ডিম পাড়তে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাস্তব পরিস্থিতি কেমন, তা বুঝতে আরও সপ্তাহখানেক সময় লাগবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে ইলিশ ধরতে প্রচুর ট্রলার দিঘা, কোলাঘাট, ডায়মন্ড হারবার, ফ্রেজারগঞ্জ, বকখালি প্রভৃতি জায়গা থেকে মোহনায় রওনা দিয়েছে। আরও বেশ কিছু ট্রলার বেরিয়ে পড়বে শিগগিরই। গত কয়েক বছর ইলিশের দাম চড়া ছিল বাজারে। এবার প্রচুর ইলিশ মিললে দাম কমতে পারে বলে মৎসজীবীরা আশা করছেন।
