এবারের দীপাবলিতে বাজি নিষিদ্ধ রাজ্যে, পুজো মণ্ডপে নো-এন্ট্রি

কলকাতা হাইকোর্টের নির্দেশ

এবছরের করোনা আবহে দুর্গাপুজোর মতো কালী-জগদ্ধাত্রী-কার্তিক পুজোর মণ্ডপেও সাধারণ দর্শনার্থীদের জন্য নো-এন্ট্রি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। পাশপাশি, সারা রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে সব রকমের বাজি।

কালীপুজো, দিওয়ালি ও ছটপুজোয় সার্বিকভাবে আতশবাজি বন্ধের জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন পরিবেশকর্মীরা। মানুষের স্বাস্থ্যের কথা ভেবে চিকিৎসকেরাও এবছর বাজি নিষিদ্ধ করার আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার জনগণের কাছে বাজি না পোড়ানোর আবেদন রেখেছে। আজ হাইকোর্ট রায় দেয়, নভেম্বর মাস জুড়ে রাজ্যে বাজি কেনাবেচা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই বিষয়ে নজর রাখবে পুলিশ। 

হাইকোর্ট জানিয়েছে, ৩০০ বর্গমিটারের ছোটো মণ্ডপে ৫ মিটার দূরে নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে। তার মধ্যে থাকতে পারবেন ঢাকিরা। মণ্ডপে একসঙ্গে ১০ জন থাকতে পারবেন। এর চেয়ে বড়ো মণ্ডপে একসঙ্গে থাকতে পারবেন ৪৫ জন। 

ইতিমধ্যে রাজস্থান, ওড়িশা, উত্তরপ্রদেশের মতো রাজ্যেও এবছর দীপাবলিতে বাজি নিষিদ্ধ হয়েছে।

 

Developed by DXDasia