ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম রয়েছে আমাদের মহানগরেই

এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম

ভারতের সবথেকে পুরোনো ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। মেলবোর্নের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামও এটি। এক সময়ে ইডেনের গ্যালারিতে ১ লাখেরও বেশি লোক বসতে পারতেন। এখন আসন সংখ্যা কমিয়ে ৬৬ হাজারের একটু বেশি রাখা হয়েছে। 

ক্রিকেটের নন্দনকানন এই স্টেডিয়াম তৈরি হয়েছিল ১৮৬৪ সালে। কলকাতার অন্যতম প্রাচীন উদ্যান ইডেন গার্ডেন্স পার্কের নামে স্টেডিয়ামের নামকরণ হয়েছিল। পার্কটির নাম প্রথমে ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন। গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের সম্মানেই এই নাম। পরে লর্ড অকল্যান্ডের দুই বোন এমিলি এবং ফ্যানি ইডেনের নামানুসারে ও বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে পার্কটির নাম রাখা হয় ইডেন গার্ডেন্স পার্ক। প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ ইডেনের মাঠে প্রথম খেলা হয় ১৯১৭-১৮ সালে এবং ১৯৩৪ সালে প্রথম টেস্ট খেলা হয় এখানে। 

একের পর এক ইতিহাসের সাক্ষী ইডেনের মাঠ। ১৯৮৭ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা হয়েছে এখানে। ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া সেবার বিশ্বকাপ জিতে নেয়। ১৯৮৯ সালে এই মাঠেই নেহরু কাপের ফাইনালে জয় হয়েছিল পাকিস্তানের। আরেকটি বড়ো ঘটনা অবশ্যই ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচ। বর্ণ বিদ্বেষের অভিযোগে দু’দশক ক্রিকেটের দুনিয়া থেকে নির্বাসিত ছিল দক্ষিণ আফ্রিকার টিম। তাঁদের ঐতিহাসিক কামব্যাক ঘটেছিল ইডেনেই, ১৯৯১ সালে। এই ম্যাচে তাঁরা ভারতীয় টিমের কাছে পরাজিত হয়েছিলেন বটে, তবে অগুনতি দর্শকরা যেভাবে তাঁদের সংবর্ধনা জানিয়েছিলেন, তা অভিভূত করেছিল তাঁদের। ইডেনের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিল ক্লাইভ রাইসদের টিম। 

১৯৯৩ সালে হিরো কাপের সেমিফাইনাল। ইডেনে প্রথম ফ্লাডলাইটের খেলা। সচিন টেন্ডুলকারের সেই অবিশ্বাস্য বোলিং যারা দেখেছে, তারা চমকে উঠেছিল। সেই খেলাটাও ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়ায়ের পর জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ওই ম্যাচের স্মৃতি আজও উজ্জ্বল হয়ে আছে দর্শকদের মনে। কিংবা, ২০০১ সালের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লক্ষ্মণ-দ্রাবিড়ের সেই বিধ্বংসী ব্যাটিং। ভিভিএস লক্ষ্মণ জীবনের সেরা ইনিংস খেলেছিলেন সেবার। ফলোঅনে নেমে ২৮১ রান করে ফেললেন। এই ম্যাচের আরেক নায়ক অবশ্যই হরভজন সিং। টেস্ট ম্যাচে হ্যাট্রিক করা প্রথম ভারতীয় বোলার হিসেবে রেকর্ড গড়লেন এই ম্যাচে। হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে সেই ম্যাচে জয়ী হয়েছিল ভারত। আবার, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি তাঁর প্রথম ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন এখান থেকেই। সেটা ২০০৯ সাল। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে ছিল ভারত, জয়ের পিছনে সবথেকে বড়ো কৃতিত্ব অবশ্যই ছিল গৌতম গম্ভীরের। 

আজ আবার নতুন করে ইতিহাস গড়ার পথে ইডেন। ভারতের প্রথম দিন-রাতের টেস্ট শুরু হবে আজ। ভারত তার প্রথম গোলাপি বলের টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশের। এই ম্যাচে উপস্থিত থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ এবার কোন দিকে এগোয়, তার জন্য চোখ থাক ইডেনের মাঠে। 
 

Post Tags
Developed by DXDasia