রাজ্যে করোনাভাইরাসের নতুন রূপের সংক্রমণ

আক্রান্তদের বয়স ২৫ থেকে ৪৬ বছরের মধ্যে

বিশেষজ্ঞদের একাংশের মতে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে ভারতে। বিভিন্ন রাজ্যে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এর মধ্যেই করোনাভাইরাসের ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার প্রজাতির সন্ধান মিলেছে রাজ্যে। সরকারি সূত্রের খবর, গত ৮-১৩ মার্চ মোট ৮ জনের দেহে করোনাভাইরাসের নয়া রূপের সন্ধান মিলেছে। এরই মধ্যে মঙ্গলবার দেশে মোট ৪০ হাজার ৭১৫টি নতুন করোনা সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। মৃত্যু হয়েছে ১৯৯ জনের।

রাজ্যে করোনাভাইরাসের নতুন রূপের সংক্রমণের ৮টি ঘটনার মধ্যে ৫টিই ব্রিটিশ প্রজাতির। হাওড়া ও নদিয়ার পাশাপাশি জামশেদপুর থেকে আগত এক ব্যক্তিও আছেন এই তালিকায়। ওই ব্যক্তির সন্ধান মেলেনি। বাকিরা হাসপাতালে চিকিৎসার পরে সুস্থ হয়েছেন। ঘটনাচক্রে, এঁরা প্রত্যেকেই বাইরে গিয়েছিলেন। বয়স ২৫ থেকে ৪৬ বছরের মধ্যে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা প্রজাতির আক্রান্ত ৩ জনের সন্ধান মিলেছে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া থেকে।

প্রসঙ্গত, এর আগে ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের উপরে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরাই করোনা টিকার নেওয়ার জন্য অগ্রাধিকার পেতেন। তবে করোনার বাড়বাড়ন্তের এই আবহে এবার বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রের অনুমান অনুযায়ী, প্রায় ২৭ কোটি মানুষের কো-মর্বিডিটি রয়েছে। হৃদজনিত সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, এইডস এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা কম নয়। দেশে করোনা রুখতে তাই ৪৫ বছরের বেশি বয়সীরাও এবার টিকা নিতে পারবেন।

 

Developed by DXDasia