উদ্বেগের মধ্যেই সুখবর: করোনার দৈনিক টিকাকরণে নতুন রেকর্ড গড়ল রাজ্য

রাজ্য জুড়ে স্বাস্থ্যকর্তাদের কপালে ফের চিন্তার ভাঁজ ফেলেছে করোনা

রাজ্য জুড়ে স্বাস্থ্যকর্তাদের কপালে ফের চিন্তার ভাঁজ ফেলেছে করোনা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১২৫-এ। করোনায় নতুন সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগের মাঝেই দৈনিক টিকাকরণে নতুন রেকর্ড গড়ল রাজ্য। এই প্রথম রাজ্যে এক দিনে সাড়ে ৩ লক্ষেরও বেশি জনকে টিকা দেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

১৬ জানুয়ারি দেশে প্রথম টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। প্রথম দফার ওই কর্মসূচিতে দেশের সমস্ত রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও টিকা দেওয়ার কাজ শুরু হয়। ওই দফায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা মানুষজনকে টিকা দেওয়া হয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৯ মার্চ সারা দিনে রাজ্যের মোট ৩ লক্ষ ৫৩ হাজার ৭২৮ বাসিন্দা টিকা নিয়েছেন। যা এখনও পর্যন্ত এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক টিকাকরণের নজির। গোটা দেশের মতো এ রাজ্যেও চলতি মাস থেকে সেই কর্মসূচি চলবে আগামী ৬ সপ্তাহ পর্যন্ত।

প্রসঙ্গত, টিকাকরণে নজির সৃষ্টি করলেও প্রশাসনের আশঙ্কা, করোনাবিধি মেনে না চললে মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল বা কর্নাটকের মতো এ রাজ্যেও সংক্রমণের গতি বাড়তে পারে। তাই, বার বার হাত ধোওয়া, সঠিক ভাবে মাস্ক পরা অথবা শারীরিক দূরত্ব বজার রাখার মতো করোনাবিধি মেনে চলার গুরুত্বের কথা ফের মনে করিয়ে দিচ্ছে রাজ্য সরকার।

                            

Developed by DXDasia