সংগীতশিল্পী সুপ্রকাশ চাকির অসুস্থতায় সরকারি সহযোগিতা, নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী

পাশাপাশি মন্ত্রী ইন্দ্রনীল সেন ব্যক্তিগত সঞ্চয় থেকে টাকা তুলে দেন

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মানবিক মুখ বারবার মুগ্ধ করে তাঁর অতিবড়ো বিরোধীকেও। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে প্রশাসন সামলানোর পাশাপাশি খোঁজ রাখতে ভোলেন না সমাজের অগ্রজ, গুণিজন, বরেণ্য শিল্পীদের।

যেমন দেখা গেল ২০ ডিসেম্বর সকালে, প্রখ্যাত প্রবীণ সংগীতশিল্পী সুপ্রকাশ চাকি-র অসুস্থতা ও আর্থিক সমস্যার খবর পেয়ে তিনি সশরীরে উপস্থিত হতে না পারলেও নির্দেশ দিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে সুপ্রকাশবাবুর বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার ও সরকারি সহযোগিতা নিয়ে পাশে থাকার।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সংগীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র ও স্থানীয় চেয়ারম্যান পল্লব কুমার দাস, সুপ্রকাশবাবুর বাড়িতে গিয়ে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা পৌঁছে দেন। এর পাশাপাশি মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজে ব্যক্তিগত সঞ্চয় থেকে ১ লক্ষ টাকা তুলে দেন সুপ্রকাশ চাকির হাতে এবং এ-ও বলেন যে, এই অর্থ সংগ্রহ করতে তিনি পারিশ্রমিকহীন সংগীত অনুষ্ঠান করবেন। ইন্দ্রনীল নিজে একজন সংগীতশিল্পী হিসেবেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অসুস্থ সুপ্রকাশ চাকি এমন ভরসার হাত পেয়ে কৃতজ্ঞতা দেখাতে কোনোরকম কার্পণ্য না করে বলেন, জীবনভর মনে রাখবেন স্নেহময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক রূপ।
 

Post Tags
Developed by DXDasia