নন্দলালের রেখায় ভারতের সংবিধান

ভারতের সংবিধানের পাতায় পাতায় নন্দলালের অলঙ্করণ – ছবি ও নকশার বৈভব

ভারতবর্ষ স্বাধীন হল। দেশের মহান নেতারা একজোট হয়ে তৈরি করলেন ‘ভারতের সংবিধান’। কিন্তু এই মহান দেশের সংবিধান তার গড়ন, গঠন ও নকশা সে তো যেমন তেমন ভাবে হওয়ার নয়। তা হাতে লিখতে হবে। শুধু কী তাই? সেই হাতে লেখা পৃষ্ঠার পাতায় পাতায় চাই ছবি ও নকশার বৈভব। ঠিক যেমনটি থাকতো মুঘল পুঁথি চিত্রে কিম্বা পাল ও জৈন পুঁথি চিত্রকলায়।

এমন মহান কাজটি করবে কে? নকশাদার হাতের লেখার জন্য তলব পড়ল প্রেমবিহারী নারায়ণ রায়জাদার (সাক্সেনা)। তিনি ব্রিজবিহারী নারায়ণ রায়জাদার পুত্র। রায়জাদারা দিল্লির বাসিন্দা। কিন্তু ব্যবসা আছে রামপুরে। ইংরেজি রোমান ঢং-এর হাতের লেখার সুদক্ষ ক্যালিগ্রাফার প্রেমবিহারী। গোটা সংবিধানটি হাতে লেখার দায়িত্ব সঁপে দেওয়া হল তাঁর ওপর। আর হাতের লেখার পাশাপাশি ছবি ও নকশা দিয়ে সংবিধানের পাতাগুলিকে সাজানোর বিষয়টি নিয়ে বিন্দুমাত্র ভাবতে সময় নেননি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তাঁর কন্যা ইন্দুর (প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী) শান্তিনিকেতনের কলা ভবনের মাস্টারমশাই নন্দলাল বসু ছাড়া আর কেই বা নিতে পারে দেশের এই মহান দায়িত্ব।

সংবিধানের পাতাগুলিকে দেখতে

সেই অনুসারে খবর গেল শান্তিনিকেতনে। এমন দায়িত্ব পেয়ে নন্দলাল বসু শান্তিনিকেতনের শিল্পীদের সঙ্গে নিয়ে শুরু করলেন ভারতের সংবিধানের অলঙ্করণের কাজ। আজ আমরা ভারতের সংবিধানের কথা জানি, আইন নিয়ে সদা সর্বদা কথা বলি কিন্তু ক’জন জানতাম যে ভারতের সংবিধানের পাতায় পাতায় ছবি এঁকে রেখে গিয়েছেন নন্দলাল বসু ও তাঁকে সহযোগিতা করেছেন শান্তিনিকেতনের বেশ কয়েকজন শিল্পী, তাঁরই সহকারী হিসেবে। পুরো সংবিধানটি ছাপা হয় ফোটো লিথোগ্রাফ পদ্ধতিতে দেরাদুনের সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে।

এমন নকশা মন্ডিত সৌন্দর্য্যময় সংবিধানের পৃষ্ঠা পৃথিবীর ইতিহাসে বিরল। এই পৃষ্ঠাগুলি বাঙালিদের গর্ব। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ। এটা বাঙালি জাতির গর্ব। একই ভাবে ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপির অলঙ্করণ নন্দলাল বসুর ও তাঁর সহ শিল্পীদের। এটাও বাঙালির গর্ব।
যে যে বিষয় নিয়ে ছবি আঁকা হয়েছে সেগুলি হল মহেঞ্জোদারের সিল, গুরুকুল বা বৈদিক আশ্রমের দৃশ্য, রামায়ণের দৃশ্য, মহাভারতের দৃশ্য, বুদ্ধের জীবনী, মহাবীরের জীবনী, বৌদ্ধধর্মের প্রসার ও সম্রাট অশোকের ভূমিকা, গুপ্ত যুগের শিল্পধারার বিবিধ পর্যায়, বিক্রমাদিত্যে রাজসভা, ওড়িশার ভাস্কর্য শিল্প, নালন্দা, নটরাজের নৃত্য, মহাবলীপুরম ভাস্কর্য দৃশ্য, আকবর ও মুঘল স্থাপত্য, শিবাজি ও গুরু গোবিন্দ সিং, টিপু সুলতান ও ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, জাতির পিতা গান্ধী ও তাঁর ডান্ডি মার্চ , গান্ধিজির নোয়াখালি ভ্রমণ, দাঙ্গার সময়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের লড়াই, ভারতের বাইরে থেকে ভারত, হিমালয়ের দৃশ্য, মরুভূমির দৃশ্য, সমুদ্রের দৃশ্য। সব মিলিয়ে মোট বাইশটি ছবি।

গোটা ভারতবর্ষের বিবিধের মাঝে মহান মিলনের ছবি সংবিধানের পাতায় পাতায়। ধর্ম, ঐক্য, বোধ, সমাজ, ত্যাগ, ঐতিহ্য, জাতীয়তাবাদ, দেশের গঠন, জাতির স্বপ্ন সব কিছুর সম্পর্ক রয়েছে এই চিত্ররাজির সঙ্গে। যেমন যে পাতায় রয়েছে ইমার্জেন্সি প্রভিশনের কথা সেই ১৫৪ নম্বর পৃষ্ঠার ছবির বিষয় হল গান্ধিজির নোয়াখালির দাঙ্গা কবলিত এলাকা ভ্রমণ। যেখানে রয়েছে কর্মোদ্যম দিয়ে দেশ গঠনের প্রসঙ্গ সেখানে এসেছে সম্রাট আকবরের ছবি। বাণিজ্যের প্রসঙ্গে এসেছে মহাবলীপুরমের সেই ছবি যেখানে রয়েছে গঙ্গা অবতারণের দৃশ্য, মানে নদীপথ তৈরি হচ্ছে। এরকম অসাধারণ চেতনা চিত্রে ভারতের সংবিধান চিত্রিত। যার মূল অবদান নন্দলাল বসু’র।  

 

Developed by DXDasia