২৬ দিন পর গোর্খা জনমুক্তি মোর্চার যুব শাখার অনশন উঠল

স্বাধীনতা দিবসে কোনও আন্দোলন নয়, বলল মোর্চা

২৬ দিন পর সোমবার বিকেল সাড়ে চারটে থেকে গোর্খা জনমুক্তি মোর্চার যুব শাখার ১২ জন সদস্য অনশন তুলে নিলেন। যদিও বনধ তোলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। মোর্চার সহ সাধারণসম্পাদক বিনয় তামাং বলেছেন, বনধ এখনই উঠছেনা। মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার স্বাধীনতা দিবসে পাহাড়ের রাস্তায় সকাল ছ’টা থেকে সন্ধ্যে পর্যন্ত মোর্চার কোনও বিক্ষোভ থাকবে না।

অনশন উঠছে কেন? এই প্রশ্নের জবাবে বিনয়বাবু জানান, রবিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে গোর্খাল্যান্ড মুভমেন্ট কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে তাদের প্রতিনিধিরা সবাই গোর্খাল্যান্ডের দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে পাহাড়ের চলতে থাকা আন্দোলন প্রত্যাহারের আবেদন করেন। সোমবার দিল্লিতে গোর্খাল্যান্ড মুভমেন্ট কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের পর গোর্খাল্যান্ড মুভমেন্ট কমিটির তরফে মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গের কাছে আবেদন করা হয়। তারপর সোমবার মোর্চা নেতারা যুব মোর্চার নেতাদের সঙ্গে কথা বললে অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বন্ধ এখন উঠবে কিনা সে বিষয়ে মোর্চার নেতারা কিছু বলছেন না। তারা বন্ধ চালিয়ে যাওয়ার সিধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। এই অবস্থায় ১৬ তারিখ থেকে পাহাড়ে আর একটু নতুন দল তৈরি হতে পারে বলেও খবর। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার করে আন্দোলনকারীদের জানিয়েছেন, রাজ্যকে এড়িয়ে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। তবে রাজ্যকেও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার মোর্চার নেতারা বলেন, তারা রাজ্যের সঙ্গে কথা বলতে রাজি। তবে গোর্খাল্যান্ড ছাড়া কোন কথা বলতে রাজি নন তারা। এই পরিস্থিতিতে অনশন উঠলেও পাহাড়ের সমস্য খুব দ্রুত মিটবে বলে মনে করছে না রাজনৈতিক মহল।

Developed by DXDasia