আমরা কোয়ার্টার ফাইনালে যেতে চাই

যুব ফুটবল বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখছেন ভারতের কোচ

শুক্রবার যুব ফুটবল বিশ্বকাপের ড্র। মুম্বইয়ের একটি হোটেলে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। ২৪টি দেশের মধ্যে কে কোন গ্রুপে থাকবে, তাই নির্বাচিত হবে শুক্রবার। লোকাল অর্গানাইজিং কমিটির ব্যস্ততা তাই তুঙ্গে।

চারটি পটে থাকবে নির্দিষ্ট বল, যে বলে আছে দেশের নাম লেখা কাগজ। চারটি পটে ভাগ করা হয়েছে ২৪টি দেশকে। মোট ছ’টি গ্রুপ। আয়োজক হিসেবে, ‘এ’ গ্রুপের এক নম্বর টিম হিসেবে একমাত্র ভারতের স্থান নির্দিষ্ট। বাকি ২৩টি টিমের ভাগ্য চারজনের হাতে – নওয়ানকো কানু, এস্তেবান কাম্বিয়াসো, সুনীল ছেত্রী ও পিভি সিন্ধু। এই চারজন ছাড়াও স্টেজে উপস্থিত থাকবেন ফিফার দুই প্রতিনিধি ও টিভি সঞ্চালক। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ কমিটির ফিফার জনা দশেক প্রতিনিধি।

ভারতের অনূর্ধ্ব ১৭ টিমের কোচ লুইস নোর্তোন দে মাতোস বলেন, লক্ষ্য নিয়ে কথা বললে আমি জেতার কথাই বলব। আমরা কোয়ার্টার ফাইনালে যেতে চাই। এই স্বপ্নটা আমরা দেখতেই পারি।’ যদিও, কোয়ার্টার ফাইনালে যেতে গেলে ভারতকে আগে পৌঁছোতে হবে শেষ ষোলোয়। যা নিশ্চিত হবে, যদি গ্রুপের প্রথম দুই টিমের মধ্যে থাকে তারা। গ্রুপে তিন নম্বর হলেও, ছটি গ্রুপের তিন নম্বর টিমগুলির মধ্যে পয়েন্টের নিরিখে প্রথম চারে থাকলেও কোয়ালিফাই করবে ভারত।

Developed by DXDasia