দেশের কনিষ্ঠতম নাগরিক এই শিশু

মাত্র ২২ সপ্তাহ বয়সে মুম্বাইয়ে জন্ম নিয়েছিল নির্বাণ

মুম্বইয়ে মাত্র ২২ সপ্তাহের সদ্যোজাতের জন্মে হইচই সারা দেশে। জন্মের পর দেশের কনিষ্ঠতম নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছে এই শিশুটিই। অনেক বাধা বিপত্তি কাটিয়ে বান্দ্রার এক দম্পতির কোল আলো করে এসেছে নির্বাণ নামে এই সদ্যোজাত। চিকিৎসকেরা জানিয়েছেন, গত সাড়ে চার মাস সান্তাক্রুজের আইসিইউয়ে কাটিয়ে পুরোপুরি সুস্থ সে। 

জন্মের সময় শিশুটির ওজন ছিল ৬১০ গ্রাম। এখন ছোট্ট নির্বাণের ওজন ৩.৭২ কেজি। হার্ট, মস্তিষ্ক, অস্থিমজ্জা সমস্ত চেক করার পরে দেখা গিয়েছে যে সে সুস্থই রয়েছে। এই শিশুর এত কম বয়সে জন্ম চিকিৎসা বিজ্ঞানে নয়া মোড় আনবে বলে চিকিৎসকেরা মনে করছেন। বিশেষ করে প্রিম্যাচিউর শিশুদের বাঁচিয়ে রাখা অনেক সময় সমস্যা তৈরি করে। এই ঘটনা একটা দৃষ্টান্ত তৈরি করবে বলে সকলে মনে করছেন। 

নাম না করে শিশুটির মা জানিয়েছেন, প্রসব বেদনা ওঠায় হাসপাতালে ভর্তি হলে সঙ্গে সঙ্গেই ডেলিভারি করানো হয়। তখন সবে ২২ সপ্তাহ হয়েছিল। একের পর এক সপ্তাহ নির্বাণ লড়ে যাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পান তাঁরা। আপাতত শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে নতুন ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার।

Developed by DXDasia