
গাছটির সামনের ফলকে লেখা থাকবে আপনার নাম
পছন্দমাফিক দত্তক নিতে পারেন যে-কোনও গাছ। নতুন রোপণও করতে পারেন। বছরে লাগবে মাত্র ১০০০ টাকা। গাছটির সামনের ফলকে লেখা থাকবে আপনার নামও। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে এমনই এক অভিনব প্রকল্পের উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি(কেএমডিএ)। রবীন্দ্র সরোবরে ‘তরু মিত্র’ নামের একটি ইকো ক্লাব গড়ে এই উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যে নেমেছে তারা।
এর আগে আলিপুর চিড়িয়াখানায় চালু হয়েছিল নির্দিষ্ট অর্থের বিনিময়ে পশুপাখি দত্তক নেওয়ার রেওয়াজ। তবে গাছের ক্ষেত্রে এই সুযোগ রাজ্যে প্রথম। শনিবার সকালে কেএমডিএ-র উদ্যোগে একটি পদযাত্রার মাধ্যমে প্রচার চালানো হবে এ-ব্যাপারে। গাছের প্রতি মানুষের যত্ন যাতে বাড়ে এবং গাছগুলির সঙ্গে যাতে আরও একাত্ম বোধ করতে পারেন সাধারণ মানুষ, সেই দিকেই বিশেষ জোর দিতে চাইছেন পরিবেশপ্রেমীরা।
