বাস থামিয়ে সহযাত্রীর কাটা আঙুলে অস্ত্রোপচার করলেন রানিগঞ্জের অর্ণব

কন্ডাক্টর-সহ অন্যান্য যাত্রীরা জখম নার্গিস বিবিকে ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন

মানবিকতার ছোঁয়ায় নতুন আলো দেখল পুরুলিয়া। গত রোববার লক্ষ্মীপুজোর দিন বাসের জানালা পড়ে ডান হাতের একটি আঙুল কেটে গিয়েছিল এক যাত্রীর। সেই বাসে থাকা শল্য চিকিৎসকই বাস থামিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সেই কাটা আঙুলের অস্ত্রোপচার করে নজির গড়লেন। শুধু তাই নয়, প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারে স্বাস্থ্যকেন্দ্রের সামনে ঠায় দাঁড়িয়ে থাকল পুরুলিয়া থেকে কলকাতাগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস-সহ অন্যান্য যাত্রীরা।

দ্রুত গতিতে ওই বাস চলতে থাকায় যাত্রীর পাশে থাকা জানালাটি আচমকা পড়ে ডান হাতের চতুর্থ আঙুলটি কেটে যায়। পাশের যাত্রীদের চিৎকারে থেমে যায় বাস। ওই বাসেই ছিলেন রানিগঞ্জের বাসিন্দা শল্য চিকিৎসক অর্ণব চক্রবর্তী। তিনি পুরুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে কাজ সেরে ওই বাসেই বাড়ি ফিরছিলেন। জখম যাত্রীর ওই অবস্থা দেখে জানিয়ে দেন ওই কাটা আঙুলের অস্ত্রোপচার করবেন তিনি। কন্ডাক্টর-সহ আরও কয়েকজন যাত্রী মিলে জখম নার্গিস বিবিকে ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। ওই শল্য চিকিৎসক ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসারকে সমগ্র বিষয়টি বলতেই তাঁকে অপারেশনে সহযোগিতা করেন। এগিয়ে আসেন ওই স্বাস্থ্যকেন্দ্রের সেবিকারাও।

Developed by DXDasia