উত্তর দিনাজপুরে মাধ্যমিকের ফল খারাপ কেন, প্রশ্ন শিক্ষা-প্রশাসনের

উত্তর দিনাজপুরে ৭০ স্কুলকে শোকজ

মাধ্যমিকে ফল খারাপ হওয়ায় উত্তর দিনাজপুর জেলার ৭০টি স্কুলকে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শো-কজ করেছেন। অভিভাবকদের অভিযোগ, জেলার বহু স্কুলেই লেখাপড়র মান তলানিতে এসে ঠেকেছে। মাধ্যমিক পরীক্ষার ফলাফল তাই প্রমাণ করেছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের অ্যাডভাইসরি কমিটির সদস্য সঞ্জয় দাস সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের কাছে গোটা জেলার প্রতিটি স্কুলের পাশ-ফেলের শতকরা হারসহ ফলাফল আছে। ওই কপি জেলা বিদ্যালয় পরিদর্শকে পাঠানোর পর তিনি শো-কজ করেছেন। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) নারায়ণ সরকার সংবাদমাধ্যমকে বলেছেন, মাধ্যমিকে খারাপ ফলাফলের জন্য জেলার ৭০টি স্কুলকে শো-কজ করা হয়েছে। কিছু স্কুল থেকে উত্তর এসেছে। সবক’টি স্কুলের উত্তর এলে তাদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী বছর যাতে স্কুলগুলি ভালো ফল করে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলায় মোট ১৭৪টি মাধ্যমিক স্কুল রয়েছে। এরমধ্যে ৭০টি স্কুলকে শো-কজ করা হয়।

Developed by DXDasia