
পর্যটকদের স্বার্থে উত্তরবঙ্গে পর্যটন প্রশাসন চালু করছে হোয়াটসঅ্যাপ হেল্প নম্বর
পর্যটকদের স্বার্থে পাহাড়ে শুরু হচ্ছে হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক। উত্তরবঙ্গে পর্যটন প্রশাসন এই নম্বর চালু করছে। হেল্প ডেস্কগুলো থাকবে বিমানবন্দর, এনজেপি স্টেশন, বাস টার্মিনাস, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালবাজারে।
মঙ্গলবার শিলিগুড়িতে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব পুলিস প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকেই এই ঘোষণা করা হয়। বৈঠকে বিভিন্ন ট্যুর অপারেটর ছাড়াও পরিবহণ ব্যাবসায়ী, হোটেল মালিক অংশগ্রহণ করেন।
এই দিনের বৈঠকে পাহাড়ের ভ্রমণ সংক্রান্ত বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়। ইতিমধ্যে পাহাড়ের কয়েকটি ট্যুর কম্পানির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। পাহাড় ও ডুয়ার্স ভ্রমণের নামে অতিরিক্ত গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে পর্যটকদের কাছ থেকে। এইদিনের বৈঠকে ট্যুর অপারেটর ও ট্রান্সপোর্ট ব্যাবসায়ীরাও নিজেদের তরফ থেকে আবেদন রাখেন সরকারের কাছে। তারা জানান, ২০০৮ সালে সরকারি ভাবে গাড়িভাড়ার হিসাব ঠিক হয় কিলোমিটার পিছু ৮ টাকা। সেই হিসাবে পাহাড়ে ২২০০ টাকা ভাড়ার সর্বোচ্চ হিসাব হয়। কিন্তু সেই হিসাব এখন মানতে গেলে পাহাড়ে গাড়ির ব্যবসাই করতে পারবে না ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা। এছাড়া ২০১৪ সালে শিলিগুড়িতে প্রিপেইড ট্যাক্সি বুথে ৫০ হাজার ট্যাক্সির তালিকা ছিল। এখন তা দেড় লক্ষ হয়ে গিয়েছে।
মন্ত্রী গৌতম দেব এদিনের বৈঠকে পাহাড়ের ট্যুর অপারেটর ও ট্রান্সপোর্ট ব্যাবসায়ীদের আশ্বস্ত করেন। পর্যটকদের স্বার্থে হোমস্টে বা পথসাথী ভালো করে তৈরি করা হবে। তিনি এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে পাহাড়ে পর্যটন সংক্রান্ত সমস্যাগুলি সরাসরি প্রশাসনের নজরে এনে দূর করা সম্ভব হবে।
