চাল ও পাট উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গে – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

চাল ও পাট উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাচ্ছে কেন্দ্রীয় সমীক্ষা

আরেকবার দেশের মুখ উজ্জ্বল করল পশ্চিমবঙ্গ। চাল ও পাট উৎপাদনে ফের দেশের মধ্যে সেরার সেরা পশ্চিমবঙ্গ। সংসদে পেশ করা আর্থিক সমীক্ষায় গতকাল এই তথ্য জানিয়েছে কেন্দ্র। চাল উৎপাদনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের চেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সমীক্ষা জানাচ্ছে, পশ্চিমবঙ্গে ১৬.০৫ মিলিয়ন টন চাল উৎপাদন হয়। উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে হয় যথাক্রমে ১৫.৫৪ এবং ১২.৮২ মিলিয়ন টন। একইভাবে, পাট উৎপাদনেও সবার আগে রয়েছে বাংলা। মৎস্য উপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্ধ্রপ্রদেশের পরেই। আর্থিক সমীক্ষা বলছে, সাম্প্রতিক হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ৪২ হাজার টন মৎস্য উৎপাদন হয়।

রাজ্য সরকারের যাবতীয় কর, ফি, সার্ভিস চার্জ মেটানো যাবে একটি মাত্র অ্যাপে

রাজ্য সরকারের বিভিন্ন কর এবং কর বহির্ভূত রাজস্ব মেটানো যায় অনলাইনে। অনলাইন ব্যবস্থা চালু হওয়াতে রাজস্ব আদায়ও বেড়েছে। আরও এক ধাপ এগিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, অ্যাপের মাধ্যমেই রাজ্য সরকারের যাবতীয় কর, ফি অথবা সার্ভিস চার্জ মেটানো যাবে। এসজিএসটি, কৃষি কর, আইজিএসটি, বিক্রয় কর, জমি-বাড়ির খাজনা, স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, স্টেট এক্সাইজ, গাড়ির কর, ট্রেড লাইসেন্স, মিউটেশন/কনভার্সন ফি, ট্যাক্সেস অন ডিউটিস অ্যান্ড ইলেকট্রিসিটি, ট্যাক্সেস অন গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স, আদার ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস অন কমোডিটিস অ্যান্ড সার্ভিসেস – সব কিছুই থাকছে এই তালিকায়। এছাড়া, আবেদনকারীর অবস্থান, সরকারি পরিষেবার খোঁজও পাওয়া যাবে এখান থেকে। ডাউনলোড করা যাবে নানা সরকারি রিপোর্ট। এর জন্য গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের ডাব্লুবিআইএফএমএস অ্যাপ স্মার্ট ফোনে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। তারপর রেজিট্রেশন করে নিলেই মিলবে এর যাবতীয় সুবিধা।

মুরগির চাষ বাড়াতে কড়কনাথের ছানা বিলি করছে রাজ্য

কড়কনাথ মুরগির উপকারিতা প্রচুর। শরীরে আয়রন বাড়ে, পেশি শক্তিশালী হয় এদের মাংস খেলে। কোলেস্টেরলের পরিমাণ কমে। স্বাস্থ্যের জন্য এদের ডিমও খুব ভালো। কিন্তু আমাদের রাজ্যে এই মুরগির জোগান বেশি নয়। তাই, পশ্চিমবঙ্গে সরকার বেশি করে কড়কনাথের চাষে গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে রাজ্যের কৃষি দপ্তর ও প্রাণীর সম্পদ উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকে কড়কনাথের ছানা বিলি করা হয়েছে। কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের মাধ্যমে মঙ্গলকোট ব্লকের গোতিষ্ঠা, শিমুলিয়া ২, যবগ্রাম ক্ষীরগ্রাম, এবং চানক – এই পাঁচটি পঞ্চায়েতের ১৫ জন বাসিন্দাকে দেওয়া হয়েছে ৪০টি করে এই কালো মুরগির ছানা। শীতের পর আরও কয়েকজনের হাতে কড়কনাথের ছানা তুলে দেওয়া হবে।
Developed by DXDasia