
মাটির তলায় জলের স্তর বাড়াতে অভিনব পদক্ষেপ
গোটা দেশেই জলসংকট ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে। জলের ঘাটতি কমাতে স্কুল, কলেজ এবং আবাসনগুলির ছাদে বৃষ্টির জল ধরে রাখার অনন্য উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর।
কলকাতায় মাটির নিচে জলের স্তর ক্রমশই নামছে। এই শহরের নর্দমাগুলি কংক্রিট দিয়ে বাঁধানো। তাই নর্দমা থেকে কোনো জল মাটির নিচে যেতে পারে না। বিশেষজ্ঞদের মতে, কংক্রিটের নর্দমায় মাঝেমাঝে কিছু ফাঁক রাখলে জল ভূগর্ভে যেতে পারে। এছাড়া পুকুর এবং নদীগুলি যাতে বুজে না যায়, তার জন্যও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাজ্য সরকার ইতিমধ্যেই ২৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যা চারটি জেলায় বুজে যাওয়া নদী পুনরুদ্ধারের কাজে ব্যবহৃত হবে।
ভূগর্ভের জলের একটা বড়ো অংশ চাষের কাজে ব্যবহৃত হয়। মাটির তলায় জলের স্তর নেমে যাওয়ার একটা বড়ো কারণ এটাও। রাজ্য কৃষি দপ্তর তাই বিকল্প কৃষির পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করছে, যাতে কৃষিকাজে ভূগর্ভস্থ জলের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে ফেলা যায়।
