১০০ দিনের কাজে ও কর্মসংস্থানে ফের সেরা পশ্চিমবঙ্গ: জানাল কেন্দ্রই

পরপর দু’বছর সেরার শিরোপা

১০০ দিনের কাজে ফের ভারতসেরা হল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যই জানাচ্ছে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯, এই দুটি অর্থবর্ষেই একশো দিনের কাজ প্রকল্পে খরচের বিচারে এবং মানুষকে কাজ দেওয়ার বিচারে সেরা এই রাজ্যই। পাশাপাশি কৃষিতেও রাজ্যের অবস্থান বেশ ভালো বলে জানিয়েছে কেন্দ্র।

গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, ২০১৭-১৮ আর্থিক বর্ষে মানুষকে কাজ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ৩১ কোটি ২৫ লক্ষ ৫৫ হাজার শ্রমদিবস তৈরি করা হয়েছিল। দেশের নিরিখে যা সর্বোচ্চ। পরের বছর নিজেদেরই রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গ ৩৩ কোটি ৮৪ লক্ষ ৬৯ হাজার শ্রমদিবস তৈরি করেছে। দেশের বিচারে এটিও স্বাভাবিকভাবেই সর্বোচ্চ। শ্রবদিবস তৈরির পাশাপাশি বিভিন্ন প্রকল্প রূপায়নে অর্থ খরচের ক্ষেত্রেও দেশের মধ্যে সবার আগে রয়েছে এই রাজ্য। ২০১৭-১৮ আর্থিক বর্ষে সেই টাকার পরিমাণ ছিল ৭ হাজার ৯১৩ কোটি ১৪ লক্ষ টাকা।

কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গ্রামোন্নয়ন প্রকল্পের রূপায়নে এবং একশো দিনের কাজে কর্মসংস্থানের বিচারে বাংলার শীর্ষস্থান ধরে রাখা নিঃসন্দেহে সুখবর। এখন একশো দিনের কাজের ন্যূনতম মজুরি বাড়িয়ে কমপক্ষে ৩০০ টাকা করার দাবিও জানাতে চলেছে রাজ্য। 
 

Developed by DXDasia