পুরসভার নিজস্ব ভবনে বৃষ্টির জল সংরক্ষিত হবে চুঁচুড়ায়

বৃষ্টির জল নাগরিক পরিষেবায় ব্যবহৃত হবে

জল সংকট রুখতে নজিরবিহীন উদ্যোগ নিল হুগলি-চুঁচুড়া পুরসভা। চলতি বছর থেকেই গোটা পুর-এলাকায় ছড়িয়ে থাকা পুরসভার নিজস্ব ভবনগুলিতে বৃষ্টির জল সংরক্ষণ করা হবে। এই ব্যাপারে নাগরিকদের সচেতন করতে আগামী ২৭ জুলাই আয়োজিত হতে চলেছে একটি কনভেশন।

সেদিনের কনভেশনে হাজির থাকবেন বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী এবং গবেষকরা। কনভেনশনের পর থেকে শুরু হবে বৃষ্টির জল সংরক্ষণের কাজ। কীভাবে বৃষ্টির জল ধরে জনসাধারণের কাজে লাগানো যেতে পারে, সেই নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন পুরকর্তারা।

জানা গেছে, বৃষ্টির জল সংরক্ষণ করে তার একটি অংশ পরিশোধন করা হবে। বাকি অপরিশোধিত অংশটি লাগবে পুরসভার শৌচাগার, শহরের রাস্তা ইত্যাদি পরিষ্কারের কাজে। আর পরিশোধিত জলটুকু পরিমাণের ওপর নির্ভর করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হবে। 

Developed by DXDasia