রাধাকৃষ্ণকে নিয়ে নাটক লিখলেন লখনৌয়ের নবাব, বুঁদ হল কলকাতা

ওয়াজিদ আলি শাহর লেখা সেই নাটক বহুবার মঞ্চস্থ হয়েছিল কলকাতায়

ওয়াজিদ আলি শাহ ছিলেন লখনৌয়ের নবাব। তাঁর রাজ্য দখল করে নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে কলকাতার মেটিয়াবুরুজে নির্বাসন দিয়েছিলেন। মেটিয়াবুরুজে নবাব রাধাকৃষ্ণের লীলা নিয়ে তাঁর লেখা নাটক নিয়মিত মঞ্চস্থ করতেন। 

কৃষ্ণের প্রতি ওয়াজিদ আলির ছিল এক অমোঘ আকর্ষণ। বৃন্দাবনে যমুনা নদীর তীর, সেখানে রাধা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে কৃষ্ণের লীলাখেলা ছিল তাঁর পছন্দের বিষয়। ওয়াজিদ আলি যখন নবাব হননি, ভাই সিকন্দর হাসমতের সম্মানে এক জলসায় তিনি মঞ্চস্থ করেন নিজের লেখা নাটক ‘রাধা কানহাইয়া কা কিসসা’। পণ্ডিতরা এটিকেই প্রথম আধুনিক উর্দু নাটক বলে চিহ্নিত করে থাকেন। রাধাকৃষ্ণকে নিয়ে এটি ছিল একটি নৃত্যনাট্য। এই ধরনের নাটকগুলিকে ‘রহস’ও বলা হয়ে থাকে।

লখনৌ ছেড়ে নবাব ওয়াজিদ আলি কলকাতার মেটিয়াবুরুজে আসেন ১৮৫৬ সালের মে মাসে। মেটিয়াবুরুজে বহুবার ‘রাধা কানহাইয়া কা কিসসা’ মঞ্চস্থ হয়েছে ওয়াজেদ আলির উদ্যোগেই। তখন অবশ্য নাটকটির আঙ্গিকে বেশ কিছু পরিবর্তন ঘটে গেছে। মেটিয়াবুরুজে ওয়াজেদ আলির দরবারে শিল্প-সাহিত্যের চর্চা সমৃদ্ধ করেছিল কলকাতার সংস্কৃতিকে। 
 

Developed by DXDasia