
১২টি পরিচয় পত্রের মধ্যে যেকোনো একটি বুথে নিয়ে এলেই ভোট দিতে পারবেন ভোটাররা
ভোট দেওয়ার ক্ষেত্রে আর সচিত্র পরিচয় পত্র হিসাবে গ্রাহ্য হবে না ভোটার স্লিপ। সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। দেশের নাগরিক হিসেবে ১২টি পরিচয় পত্রের মধ্যে থেকে যেকোনো একটি পরিচয় পত্র বুথে নিয়ে এলেই ভোট দিতে পারবেন ভোটাররা। তবে সেই তালিকায় নেই ভোটার স্লিপ। কারণ, নির্বাচন কমিশনের মতে স্লিপ যথেষ্ট নিরাপদ নয়। ভোটার স্লিপ জালও করা হয়ে থাকে বলে মনে করছে তারা।
এই ১২টি পরিচয় পত্রের মধ্যে ভোটার কার্ড ছাড়াও থাকছে ড্রাউভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের কর্মক্ষেত্রের সচিত্র পরিচয় পত্র, ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের পাসবই, প্যান কার্ড, মনরেগা জব কার্ড, শ্রম দপ্তরের ইস্যু করা স্বাস্থ্যবিমার কার্ড, পেনসনের ছবি সহ কাগজ এবং সাংসদ, বিধায়ক ও কমিশনারদের ইস্যু করা পরিচয় পত্র। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতেই সাধারণত ভোটার স্লিপ বিলি করা হয়ে থাকে। তাই ভোটার স্লিপ ছাড়াও এই ১২টি পরিচয় পত্রের মধ্যে যেকোনো একটি সঙ্গে নিয়ে এলেই হবে ভোটারদের।
