ফের স্বঘোষিত গো-রক্ষা বাহিনীর তাণ্ডব

ঝাড়খণ্ডের গিরিধ জেলার ঘটনা

জুনেইদের পর উসমান আনসারি। স্বঘোষিত গো-রক্ষা বাহিনীর হিংসার শিকারের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার গোরু নিধনকারী সন্দেহে ঝাড়খণ্ডের ৫৫ বছর বয়সী উসমান আনসারি নামে এক ডেয়ারি ব্যবসায়ীকে পিটিয়ে মারার চেষ্টা করল দুষ্কৃতীরা। তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঝাড়খণ্ডের গিরিধ জেলার বারিয়াবাদ গ্রামের ঘটনা।

মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কমপক্ষে ১০০০ জন লাঠি এবং পাথর নিয়ে চড়াও হয় উসমানের বাড়ি। শুরু হয় পাথর বৃষ্টি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাধে উন্মত্ত জনতার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। লাঠি চার্জ করেও সামলানো যায়নি। শূন্যে গুলি ছোড়ে পুলিশ। আহত হন তিরিশ জন পুলিশকর্মী। ২৫ জনকে আটক করেছে পুলিশ। উসমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারকে নিরাপদ স্থানে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে।

Developed by DXDasia