
কুকুর বলে মাছ, খাব না, আঁশ ছোঁব না, আপেল খাব
প্রথমেই বলে দেওয়া ভাল, দেশজুড়ে নিরামিষিকরণের যে এক ধরণের ‘ষড়যন্ত্র’ চলছে তার শিকার নয় মেহবুব। তার বয়স মাত্র আট মাস। আর জন্ম থেকেই মাছ-মাংস দেখলে পিছটান দেয় সে। অথচ আপেল, বেদানা, শসা, আঙুরে তার গভীর আসক্তি। মেহবুব শিলিগুড়ির ঘোঘোমালির বাসিন্দা বাসু দত্তের পোষা কুকুর।
কলকাতা থেকে পাগ প্রজাতির এই কুকুরটিকে চল্লিশ দিন বয়সে কিনে আনেন বাসু দত্ত। আর গোড়া থেকেই লক্ষ্য করেন ভাত, মাছ, মাংস দেখলেই পিছিয়ে যাচ্ছে মেহবুব। সারাদিনে ওর মেনুতে রাখা হয়েছে ৪০০গ্রাম ফল। পশু চিকিৎসক ডি পি পান্ডে বলেন মাছ-মাংস ছেড়ে নিরামিষাশী হওয়া কুকুরের ক্ষেত্রে বিরল ব্যাপার।
তবে কেবল খাদ্যেই নয়, স্বভাবেও যথেষ্ট অহিংস মেহবুব। কারুর গায়ে ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে-কামড়ে দেওয়ায় মোটেই আগ্রহী নয় সে। কেবল তার সামনে ফল রাখলেই সামান্য উত্তেজিত হয়ে পড়ে। বলা যায় বাল্যেই স্বভাব-সন্ন্যাস ধারণ করেছে প্রেমিক স্বভাবের এই মেহবুব।
