লোকশিল্পীদের সম্মান জ্ঞাপন

‘উত্তর দরিয়া’-র উদ্যোগে তিন জন শিল্পীকে আর্থিক সাহায্য ও সম্মাননা

পূর্ণিমা খাতুন চোখের দেখতে পান না। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে চর্চা করে চলেছেন লোক গানের। বর্ধমান কাটোয়া নিবাসী বামাচরণ দাস। বয়স ৬৫। বাজান বাংলা ঢোল। বর্তমানে যে কয়েকজন বাংলায় সারিন্দা বাদক আছেন তাদের মধ্যে একজন গোবিন্দ দে। দিনমজুরির কাজ করেন এবং চর্চা করেন সারিন্দার। গুরু নিরঞ্জনবাবুর কাছে তাঁর হাতেখড়ি।

বাংলার এই সব লোকশিল্পীদের সাম্মানিত করার জন্য গত ২০মে কামারহাটি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল লোকগানের উৎসব। উদ্যোক্তা লোকগানের দল ‘উত্তর দরিয়া’। শাহ আবদুল করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেক প্রতিভাবান শিল্পী। শিল্পীদের লোক সম্মুখে আনা এবং লোকগানের প্রসার ঘটানোই উত্তর দরিয়ার উদ্যেশ্য। এই দিন অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফ থেকে লোকশিল্পীদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লক্ষণ দাস বাউল এবং ‘উত্তর দরিয়া’। অনুষ্ঠানের সঙ্গে সাযুজ্য রেখে মঞ্চটিকে সাজিয়েছিলেন শিল্পী বিপ্লব মণ্ডল।

Developed by DXDasia