ছবির নাম ‘রাহগীর’, যার বাংলা অর্থ পথিক
আশির দশকে যে সমস্ত বাঙালি পরিচালক বাংলা চলচ্চিত্রের নতুন সংজ্ঞা এনেছিলেন, তাঁদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। এর আগেও ‘পার’, ‘পতঙ্গ’, ‘গুড়িয়া’,‘যাত্রা’-সহ একাধিক হিন্দি ছবি পরিচালনা করেছেন তিনি। গৌতম ঘোষ পরিচালিত শেষ বাংলা ছবি ‘শঙ্খচিল’ জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে সম্মানিত হয়েছিল। তাঁর শেষ হিন্দি ছবি ছিল ‘যাত্রা’ (২০০৬)। যেখানে অভিনয় করেছিলেন রেখা, নানা পাটেকর এবং দীপ্তি নাভাল। প্রায় ১২ বছর পর আবার হিন্দি ছবি পরিচালনা করছেন গৌতম ঘোষ। ছবির নাম ‘রাহগীর’, যার বাংলা অর্থ পথিক।
মূলত তিনটি চরিত্রকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। অভিনয় করবেন আদিল হুসেন, তিলোত্তমা সোম এবং নীরজ কবি। এই ছবি আসলে মানবিকতার গল্প। সামান্য রোজগেরে হয়েও মানুষ কীভাবে অন্যের জন্য স্বার্থত্যাগ করতে পারে তারই গল্প বলবে এই ছবি। গল্পের প্রেক্ষাপট বিহার। ছবিটি হিন্দিতে হলেও কাহিনিকার হলেন বাঙালি সাহিত্যিক প্রফুল্ল রায়। তাঁর ‘বর্ষায় এক দিন’ ছোটোগল্পটি নিয়েই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক গৌতম ঘোষ। কবে ‘রাহগীর’ মুক্তি পাবে তা নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছেন অমিত আগরওয়ালের আদর্শ টেলিমিডিয়া।
