সিনেপর্দায় এই প্রথমবার প্রোফেসর শঙ্কু, নজর কাড়ছেন ধৃতিমান চ্যাটার্জী

শীতের ছুটিতে অর্থাৎ ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে এই ছবি

এই প্রথমবারের জন্য বড়োপর্দায় আসতে চলেছে প্রোফেসর শঙ্কু। এই খবর কমবেশি অনেকেই জেনে ফেলেছেন প্রায় একবছর আগেই। বাংলা সাহিত্যের পাঠকের এখনও শঙ্কু চরিত্রকে নিয়ে উন্মাদনার শেষ নেই। সেই জলজ্যান্ত চরিত্রই যদি উঠে আসে রূপোলি পর্দায়! প্রথম থেকেই ছবির টিমের পক্ষ থেকে চমক রাখা হয়েছিল। এখন ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে প্রোফেসর শঙ্কুর ফার্স্ট লুক। শঙ্কুর রূপে নজর কেড়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। পাশাপাশি নকুড়বাবুর চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। আর পরিচালনায় তো একটাই নাম – সন্দীপ রায়। 

‘প্রোফেসর শঙ্কু ও এল্‌ ডোরাডো’ এই ছবির নাম। পুরো ছবি জুড়ে রয়েছে স্পেশাল এফেক্ট এবং ভিএফএক্সের কাজ। সত্যজিৎ রায়ের স্কেচ সামনে রেখেই অভিনেতাদের খোঁজা শুরু হয়। পরিচালক সন্দীপ রায়ের মতে, ধৃতিমান চট্টোপাধ্যায় ছাড়া শঙ্কুর চরিত্রে আর কাউকেই মানায় না। আর সত্যজিৎবাবুর স্কেচের সঙ্গে পুরোপুরি মিলে যান শুভাশিস। এই ছবির শুটিং কলকাতা, দেওঘর, বোলপুর ছাড়াও হয়েছে ব্রাজিলের সাও পাওলো এবং আমাজনের গভীর অরণ্যেও। শীতের ছুটিতে অর্থাৎ ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে এই ছবি। আজ মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার।

Developed by DXDasia