‘খাবার পরে একটা করে, কথা দিয়েছ’ – বাঙালির স্মৃতি উস্কে বড়োপর্দায় ফিরছে অপু-অপর্ণা-কাজল

মুক্তি পেল ‘অভিযাত্রিক’-এর ফার্স্ট লুক

‘খাবার পরে একটা করে, কথা দিয়েছ’ – এই অমোঘ সংলাপ বাঙালির নস্টালজিয়া। দাম্পত্যের এই খুনসুটির মধ্যে দর্শক খুঁজে পেয়েছিলেন তাঁদের হারিয়ে যাওয়া প্রেম। আবার কখনও বা ‘পথের পাঁচালি’ ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে দুর্গা অপুকে নিয়ে ছুটছে রেলগাড়ি দেখাবে বলে, সাক্ষী থাকছে চারপাশের কাশফুল। রেলগাড়ির আওয়াজ, পুকুরে পদ্মপাতায় জমে থাকা জল, বাংলার ব্রত, বৃষ্টিতে ভেজা – এই একটি দৃশ্য এখনও গেঁথে আছে আমাদের মনে। ১৯৫৯ সালেই ইতি ঘটেছে ‘অপুর সংসার’-এর। ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে ‘অভিযাত্রিক’। পরিচালনায় শুভ্রজিৎ মিত্র।

অভিযাত্রিক ছবিতে যথাক্রমে অপু, কাজল, শংকর এবং অপর্ণা

গতকাল মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্টলুক। বড়োপর্দায় আরও একবার দেখা যাবে অপু-অপর্ণার প্রেম। সঙ্গে থাকবে কাজল, রানুদি, শংকর। ছবির শুটিং হয়েছে বেনারস, বোলপুর, ডুয়ার্স, টাকিতে। পুরো ছবিটি সাদা-কালোয় নির্মিত হয়েছে। ‘অভিযাত্রিক’ কবে মুক্তি পাবে সে বিষয়ে পরিচালক কিছু জানাননি। কিন্তু প্রত্যেকটি চরিত্র নজর কেড়েছে ইতিমধ্যেই। অপুর চরিত্রে অর্জুন চক্রবর্তী, অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া, রানুদির চরিত্রে শ্রীলেখা মিত্র, শংকরের চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, অপুর ছেলে কাজলের চরিত্রে আয়ুষ্মান, লীলার চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়, বৌরানির ভূমিকায় তনুশ্রী শংকর। ছবিটি প্রযোজনা করেছেন মধুর ভান্ডারকর এবং গৌরাঙ্গ জালান। 

লীলার ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায় 

অপুর ভূমিকায় অর্জুন, কাজলের চরিত্রে আয়ুষ্মান, শংকররূপী সব্যসাচী চক্রবর্তী 

Developed by DXDasia