
উপলক্ষ্য মহাত্মা গান্ধীর দেড়শোতম জন্মজয়ন্তী
একসময় ডাকটিকিটের খাতা মানেই ছিল গুপ্তধন। আঠা, কাঁচি, আতসকাঁচ প্রস্তুত সবসময়। নতুন ডাকটিকিট বাজারে এলেই ঢুকে পড়ত খাতার কুঠুরিতে। বিরল ডাকটিকিটের খোঁজ তো সবাই পেত না। পেলেও সেই সবের কত দাম। সাদামাটা ডাকটিকিট জমানোয় অত কিছু নেই। কিন্তু বেশ একটা গুপ্তধনের স্বাদ আছে।
সেই দিন গেছে। নতুন প্রজন্মের কাছে ডাকটিকিট আর অতখানি রোমাঞ্চের আকর্ষণ বয়ে আনে না। কিন্তু, যা যায় তা কি একেবারেই যায়? বাঙালিদের ডাকটিকিট-প্রীতিকেই যেন ফের একবার খুঁচিয়ে তুলতে চাইছে ভারতীয় ডাক। উপলক্ষ্য মহাত্মা গান্ধীর দেড়শোতম জন্মজয়ন্তী।
নভেম্বরে কলকাতায় একটি অভিনব প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে ভারতীয় ডাক। বিরল ডাকটিকিটের প্রতিযোগিতা। যে-কেউ অংশ নিতে পারেন এই প্রতিযোগিতায়। পাশাপাশি চলবে মহাত্মা গান্ধীকে নিয়ে ছাপা ডাকটিকিটের প্রদর্শনী। এখানেও নিজের সংগ্রহ থেকে ডাকটিকিট দিতে পারেন যে-কেউ। সারা দেশ থেকে গান্ধিজীকে নিয়ে ছাপা হওয়া ডাকটিকিট জোগাড় করে আনা হবে এই প্রদর্শনীর জন্য। স্কুল পড়ুয়ারাও যোগ দিতে পারে এই ডাকটিকিট প্রতিযোগতায়। তাদের জন্য বিশেষ প্রচার চালাবে ভারতীয় ডাক। কলকাতাবাসীর গোপন ভাঁড়ার থেকে কত বিরল ডাকটিকিট সূর্যের আলো দেখে এই প্রতিযোগিতায়, সেই দিকেই এখন তাকিয়ে ডাকটিকিট-প্রেমিকরা।
