গ্রুপে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও ঘানা

‘ফুটবলে অসম্ভব বলে কিছু হয় না। আমরা সেরাটা দেব।’ – মাতোস

মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও ঘানার সঙ্গে অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপে এক গ্রুপে পড়ল ভারত। যা বেশ কঠিন বলেই ধরা হচ্ছে। ভারতের প্রথম ম্যাচ ৬ অক্টোবর, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এরপর ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে কলম্বিয়া ও ঘানার সঙ্গে খেলা। ভারতের প্রত্যেকটি ম্যাচই খেলা হবে দিল্লিতে।

শুক্রবার বিকেলে মুম্বাই-এর এক হোটেলে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইজেরিয়া ও আর্জেন্তিনার দুই প্রাক্তন ফুটবলার নোয়ানকো কানু ও এস্তেবানু ক্যাম্বিয়াসো। ছিলেন পিভি সিন্ধু ও সুনীল ছেত্রীও। ড্র-এর পর গ্রুপ দেখে ভারতের কোচ মাতোসের বক্তব্য, ‘কোনও দলকে নিয়েই আমার ছেলেরা ভীত নয়। যে ম্যাচে কুড়ি শতাংশ জেতার সম্ভাবনা রয়েছে সেটা একশোভাগ দিতেও রাজি ছেলেরা।’ পাশাপাশি তিনি এও জানান, ‘ফুটবলে অসম্ভব বলে কিছু হয় না। আমরা সেরাটা দেব।’ যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলতে নামবে ভারত।

২৪টি দলের মধ্যে প্রতি গ্রুপের দুটি করে দল এবং সেরা চার তৃতীয় স্থানাধিকারী উঠবে শেষ ষোলোয়। কলকাতার যুবভারতী-তে ফাইনাল ২৮ অক্টোবর।

Developed by DXDasia