পাহাড়ে খুশির খবর! দার্জিলিং চিড়িয়াখানায় এল নতুন অতিথি

এই নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার মোট সংখ্যা হল ২৭

করোনা আতঙ্ক আর বিধিনিষেধের পরিবেশে দার্জিলিং চিড়িয়াখানায় খুশির খবর। পদ্মজা নাইডু চিড়িয়াখানায় ফের নতুন অতিথি এসেছে। আরও দুটি রেড পান্ডার জন্ম হল দিন দুয়েক আগেই। এই নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার মোট সংখ্যা হল ২৭। মা পান্ডা-সহ দুই শাবক পান্ডা দিব্যি সুস্থ আছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, শাবক পান্ডা দুটির বাবা স্বতিক এবং মা কিচি সেখানেই জন্মেছিল। এই বছর জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মোট সাতটি রেড পান্ডা শাবকের জন্ম হয়েছে।

রাজ্য বনদপ্তরের তথ্য অনুযায়ী, রেড পান্ডা বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী। তাদের থাকার জায়গা ক্রমশ দখল হয়ে যেতে থাকে। দার্জিলিং চিড়িয়াখানা তাদের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। একই চিড়িয়াখানায় একসঙ্গে ২৭টি পান্ডার বসবাস গোটা দেশে বিরল। দার্জিলিং চিড়িয়াখানার বেশ সুনাম আছে এর জন্য।

হিমালয়ের কোলে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানায় রেড পান্ডা দেখতে ভিড় করেন রাজ্য-দেশ এমনকি বিদেশের পর্যটকরাও। তথ্য বলছে, সাবালক হওয়ার পর বনদপ্তরের তরফে রেড পান্ডাকে তাদের উপযোগী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আবার কখনও বিদেশের চিড়িয়াখানাতেও পাঠানো হয়। পরিবর্তে সেখান থেকে আনা হয় অন্য কোনো বন্যপ্রাণী। দার্জিলিং চিড়িয়াখানার এই সাফল্য একইসঙ্গে রাজ্য সরকারেরও।

Developed by DXDasia