
মাত্র এক ঘণ্টায় জানা যাবে ফলাফল
সারা দেশে করোনা মহামারির প্রকোপ বেড়েই চলেছে। সেই তুলনায় করোনা কিটের জোগান খুবই অল্প। বেশি সংখ্যক পরীক্ষাও করা যাচ্ছে না। মুশকিল আসান করে দেশীয় প্রযুক্তিতে নতুন করোনা কিট বানিয়েছেন দুই বাঙালি বিজ্ঞানী, যার সাহায্যে কম খরচে ও কম সময়ে করোনা পরীক্ষা সম্ভব।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির দুই বিজ্ঞানী ডঃ সৌভিক মাইতি ও ডঃ দেবজ্যোতি চক্রবর্তী এমন কিট আবিষ্কার করেছেন, যাতে করোনা পরীক্ষায় খরচ পড়বে মাত্র ৫০০ টাকা। যেখানে বিদেশি কিটে ৪৫০০ টাকা ব্যয় হয়। শুধু তাই নয়, বিদেশি কিটে পরীক্ষার ফল পেতে একদিন সময় লেগে যায়, কিন্তু এই নতুন কিটে মাত্র এক ঘণ্টায় মিলবে ফলাফল। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই কিট করোনা রোগীদের ওপর প্রয়োগ করে সফলতা পেয়েছেন সৌভিক এবং দেবজ্যোতির নেতৃত্বাধীন দল।
দুই বাঙালির তৈরি করা করা কিটের জন্য প্রয়োজন ছোটো পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশান) যন্ত্র, যা খুবই সহজলভ্য। তাই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেও এই কিট ব্যবহার করা যাবে। অন্যদিকে, চড়া দামের বড়ো পিসিআর যন্ত্র ছাড়া বিদেশি কিট কাজ করে না। সপ্তাহখানেকের মধ্যেই নতুন কিট বাণিজ্যিকভাবে বাজারে আনতে চায় সিএসআইআর। তাহলে অনেকে সহজেই প্রচুর সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা যাবে।
ভিডিও সৌজন্যে- ডিডি বাংলা
