
কপিল সিবাল চিদাম্বরমকে নিয়ে জোর গুজব
কংগ্রেস এখন ঘর পোড়া গোরু। ‘বাঘেলা মেঘ’ দেখলেই চমকায়। গতমাসে দল থেকে ইস্তফা দেওয়ার আগে মে মাসে আচমকাই রাহুল গান্ধীকে টুইটারে আনফলো করে দেন গুজরাটের কংগ্রেস নেতা শঙ্করসিং বাঘেলা। কারণ ভিন্ন হতেই পারে। কিন্তু ফের একই কাণ্ড ঘটল কপিল সিবাল এবং পি চিদাম্বরমের ক্ষেত্রে। ব্যপারটা এরকম। এবার কি তবে কংগ্রেসেও ভাঙন ধরল? কে জানে! রবিবার রাতে কংগ্রেস নেতা কপিল সিবলের টুইটার অ্যাকাউন্ট দেখেই এমন বিভ্রান্তি ছড়ায়। কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধীর আলাদা আলাদা টুইটার হ্যান্ডল রয়েছে। টুইটারে দু’টি অ্যাকাউন্টই ফলো করতেন কপিল সিবল। কিন্তু রবিবার রাতে হঠাৎ দু’টিকেই আনফলো করে দেন তিনি। বিষয়টি নজরে পড়তে দেরি হয়নি। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরমও ওই দু’টি অ্যাকাউন্ট আনফলো করে দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ায়। শঙ্করসিং বাঘেলার উদাহরণ টেনে আনেন অনেকে। বেশ কিছুক্ষণ পর তড়িঘড়ি সাফাই দিতে এগিয়ে আসেন দুই নেতাই। জানান, ভুলবশত তাঁর এক কর্মী এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে ভুল শুধরেও নেওয়া হয়। খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, দুই নেতাই ফলো কর্ছেরন দল এবং রাহুল গান্ধীকে।
