কর্মজীবনের ২৫ বছর পেরিয়ে এলেন মীর

ছোটোবেলায় মীর জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন

তরুণ মীর একবার লন্ড্রিতে গিয়েছিলেন জামাকাপড় আনতে। যে কাগজে মুড়িয়ে লন্ড্রি থেকে জামাকাপড়গুলো দেওয়া হয়েছিল, সেখানে তিনি দেখতে পেলেন ৬ দিনের পুরনো এক বিজ্ঞাপন। তখনই দরখাস্ত করে ফেললেন। কাজ পেলেন রেডিও জকির। বাকিটা ইতিহাস। সেই মীর কর্মজীবনের রজতজয়ন্তী বর্ষে পা দিলেন। 

মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন মীর আফসার আলি। ছোটোবেলায় বিপুল অর্থকষ্টের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন অল্পবয়সে। তিনি কর্মজীবন শুরু করেন রেডিওতে। ডিডি বাংলা চ্যানেলের ‘খাস খবর’-এর মাধ্যমে তিনি টেলিভিশনের জগতে পা রাখেন। টিভির বেশ কয়েকটি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা সামলেছেন তিনি। 

‘মীরাক্কেল’-এ সঞ্চালনা করে মীর জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। এর পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন, গান গেয়েছেন, থিয়েটার করেছেন। শিল্প ও বিনোদনের নানান ক্ষেত্রে বিচরণ করেন অবাধে। একই সঙ্গে কাঁদানো ও হাসানোর আশ্চর্য ক্ষমতা রয়েছে তাঁর। 

Developed by DXDasia