
সাধু রামচাঁদ মুর্মু পুরস্কার
সাঁওতালি ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাধু রামচাঁদ মুর্মু পুরস্কারে ভূষিত হচ্ছেন টুরিয়াচাঁদ বাস্কে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে গতকাল তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পেশায় হলদিয়ার বাবুপুর এগ্রিকালচারাল হাইস্কুল (উচ্চমাধ্যমিক)-এর ইংরেজির শিক্ষক টুরিয়াচাঁদ বাস্কে ঝাড়গ্রাম জেলার লালগড়ের বাসিন্দা। শিক্ষকতার প্রয়োজনে এখন তিনি পূর্ব মেদিনীপুর জেলার বরদা গ্রামে থাকেন। দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি সাহিত্য চর্চার কাজে যুক্ত। ৫১ বছর বয়সী এই সাহিত্যিক প্রথম লেখালিখি শুরু করেছিলেন ক্লাস নাইনে পড়ার সময়ে। এখনও পর্যন্ত প্রকাশিত সাঁওতালি ভাষায় গল্প, কবিতা, প্রবন্ধ, চিঠি সংকলন ও সাধারণ জ্ঞানের বই নিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ২০।
১৯৯৯ সাল থেকে সাঁওতালি ভাষায় তিনি ‘জিউয়ী’ (যার মানে বাংলায় ‘প্রাণ’) ত্রৈমাসিক পত্রিকার সম্পাদনা করে আসছেন। পাশাপাশি বাংলা ভাষায় ‘তীরন্দাজ’ পত্রিকারও সম্পাদক তিনি। এর আগে ২০১৫ সালে রাজ্য সরকারের সাঁওতালি অ্যাকাডেমির পক্ষ থেকে সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার পেয়েছেন টুরিয়াচাঁদ বাস্কে।
