
পুলিশের সমালোচনার মুখে ট্রাম্প
দেখে নিন কী ভাবে মাথা উঁচু করে পুলিশ দেশের প্রেসিডেন্টের প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করতে পারে। এমনকী উলটে সমালোচনা করতে পারে প্রেসিডেন্টের মন্তব্যের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধীদের প্রতি সদয় আচরণ না করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের এমন বক্তব্যে পুলিশি নিষ্ঠুরতা বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবাদের ঝড় উঠেছে। গত শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প অপরাধীদের যুক্তরাষ্ট্র থেকে নির্মূল করার কথা বলেছেন। এমএস ১৩ নামের গ্যাং নির্মূল করতে অভিবাসন এজেন্ট বৃদ্ধি এবং পুলিশের শক্ত অবস্থান নিয়ে কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, গ্রেপ্তারের পর অপরাধীদের প্রতি পুলিশের আচরণ ভালো না হলেও চলবে। তাঁর এই বক্তব্যের সময় সভায় উপস্থিত বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হাততালি দিতেও দেখা গেছে।
এই মন্তব্যের পর সে দেশের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য পুলিশি নিষ্ঠুরতার পক্ষে আদালতে উপস্থাপন করা হতে পারে। পুলিশ সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের এ-সংক্রান্ত বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশ এবং পুলিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেসিডেন্টের বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃতি দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশের কমিশনার স্টিভ সবোরফ সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেছেন, প্রেসিডেন্টের বক্তব্য পুলিশের নীতির বাইরে। এ বক্তব্য বর্তমান সময়ের পুলিশ নীতির সঙ্গে সামঞ্জস্যহীন। নিউ অরলেন্স পুলিশ বিভাগের প্রধান মাইকেল হ্যারিসন এক বিবৃতিতে বলেছেন, সাংবিধানিক পুলিশ-নীতির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য মেলে না শুধু নয়, সম্পূর্ণ বিরোধী। নিউইয়র্কের যে এলাকায় প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন, সেই সাফক কাউন্টি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক টুইট বার্তায় এই বক্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছে। সাফোক পুলিশের বার্তায় বলা হয়েছে, বন্দীদের প্রতি কোনো নিষ্ঠুর আচরণ পুলিশ বিভাগ থেকে কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। নিউইয়র্ক পুলিশপ্রধান জেমস ও’নিল শনিবার দেওয়া এক বিবৃতিতে বলেছেন, বন্দীদের প্রতি পুলিশের বাড়াবাড়ি জনগণকে ভুল বার্তা দেবে।
