কিমের হুমকির প্রত্যুত্তর দিলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার কার্যকলাপে মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ অনেকদিন ধরেই

চড়া সুরে কিমের উত্তর কোরিয়াকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘আমেরিকাকে ক্রমাগত হুঁশিয়ারি দিতে থাকলে, কিম জং উনকেই একেবারে ধ্বংস করে দেব’। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই কিমকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। কিমের কার্যকলাপকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘রকেট ম্যান ইজ অন আ সুইসাইড মিশন’। উত্তর কোরিয়ার কার্যকলাপে মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ ছিলেন। তাই তাঁদের সমঝে দিতে উত্তর কোরিয়ার আকাশে চারটি মার্কিন যুদ্ধবিমান এবং দু‌টি বোমারু বিমান মহড়া দিয়েছে। কিন্তু সেখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রপুঞ্জের মঞ্চকে ব্যবহার করে তিনি কার্যত হুমকি দিয়ে বলেছেন, ‘প্রয়োজনে গোটা উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়া হবে।’

প্রায়ই ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দেন কিম। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে ট্রাম্পকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছে উত্তর কোরিয়া। এবার রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে রীতিমত রুদ্র মূর্তি ধারণ করলেন ট্রাম্প। উত্তর কোরিয়াকে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘আমেরিকার বিশাল সামরিক শক্তির কথা ভুলে গিয়েছেন কিম। যদি প্রয়োজন পড়ে কিমের উত্তর কোরিয়াকেই উড়িয়ে দেব।’ পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, মার্কিন প্রতিরক্ষা খাতে ৭০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে চলেছেন।

Developed by DXDasia