
খনি এলাকায় সবুজায়নে নজির গড়ল এক গ্রাম পঞ্চায়েত
খনি এলাকায় গাছপালা এমনিতে কম থাকে। সেই খটখটে শুকনো জায়গাকে সবুজে ভরিয়ে দিতে অভিনব পন্থা নিয়েছে একটি গ্রাম পঞ্চায়েত। খোদ আমাদের রাজ্যেই ঘটেছে এমন অবাক করা ঘটনা।
পুরুলিয়ার জেলার নিতুড়িয়া ব্লকের শালতোড় গ্রাম পঞ্চায়েত ঘোষণা করেছে, কোনো ঠিকাদারি সংস্থা এক লাখ টাকার সরকারি কাজ করলেই ৫টি করে গাছ লাগাতে হবে তাদের। টাকার পরিমাণ যত বাড়বে, তত বাড়বে গাছের সংখ্যাও। দশ লাখ টাকার কাজ করলে রোপণ করতে হবে ৫০টি গাছ। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোকে পরিচর্যা করতে হবে ৬ মাস। এর মধ্যে গাছ মরে গেলে বা গাছের অন্য কোনো ক্ষতি হলে সিকিউরিটি মানি আর ফেরত পাবে না সেই ঠিকাদারি সংস্থা।
গাছ লাগানোর জন্য চারাগাছ এবং জমির ব্যবস্থা করে দেবে গ্রাম পঞ্চায়েতই। এমনকি তারা গাছের পরিচর্যা করতে ১০০ দিনের প্রকল্প থেকে মজুরের বন্দোবস্তও করে দেবে। সরকারি প্রকল্পের কাজ শুরুর আগে বা পরে গাছ লাগাতে পারবে ঠিকাদারি সংস্থা। শালতোড় গ্রাম পঞ্চায়েত এই নজিরবিহীন উদ্যোগ সমস্ত নিতুড়িয়া ব্লকেই চালু করতে চায়।
