গাছ লাগাতে এগিয়ে এলেন গৃহবধূরাও

নিজেদের জমানো টাকায় ফ্ল্যাটে ফ্ল্যাটে গাছ বিলি করলেন তাঁরা

বেশিরভাগই গৃহবধূ। স্কুল শিক্ষিকা, অঙ্গনওয়ারি কর্মী আছেন দু’একজন। সারা বছর ধরে টাকা জমিয়েছেন তাঁরা গাছ লাগাবেন বলে। পরিবেশ দিবসে তাঁদের সেই স্বপ্নই বাস্তবায়িত হল। যূথিকা রায়, কবিতা বণিক, রীনা ভদ্র, দীপিকা রায়, প্রীতিকণা ভট্টাচার্য প্রমুখ শিলিগুড়ি সেবক রোডের শিল্প তালুকে গিয়ে বৃক্ষ রোপণ করেন সোমবার। তাঁদের এই কাজকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন শিল্প তালুক সংগঠনের সভাপতি সলিল মুখার্জি, সম্পাদক উৎপল সরকার, শ্যামল সরকার প্রমুখ।

মা সুধাংশুবালা সারস্বত মহিলা সংঘের তরফে কবিতা বণিক জানান, অনেক ফ্ল্যাটেও গাছের চারা বিলি করেছেন এবং আগামীদিনেও তা করবেন তাঁরা। শিলিগুড়িতে উত্তরোত্তর গাছ কাটা বেড়ে চলার ফলে দূষণ বেড়ে চলেছে। তারই প্রতিকারে গৃহবধূরা নিজেদের জমানো টাকায় বৃক্ষরোপণের উদ্যোগ নেন।

পাশাপাশি, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ি পুরসভা ন্যাফে-কে সঙ্গে রেখে শোভাযাত্রা বের করে সোমবার। কোথাও কলেজে ভর্তির ফর্ম ফিলাপের সময় ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হয় গাছের চারাও।

Developed by DXDasia