রাজ্যে প্রথম, রূপান্তরকামীদের জন্য হাসপাতালে চালু হল পৃথক ওয়ার্ড – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

রাজ্যে প্রথম, রূপান্তরকামীদের জন্য হাসপাতালে চালু হল পৃথক ওয়ার্ড

সমাজের নানা পরিসরে এখনও নিপীড়ন ও হেনস্থার শিকার হন রূপান্তরকামীরা। হাসপাতালও তার ব্যতিক্রম নয়। এবার বালুরঘাট জেলা হাসপাতালে রূপান্তকারীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড সার্ভিসের একটি শিবিরে রূপান্তরকামীরা হাসপাতালের ওয়ার্ড নিয়ে তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন। তখন বিষয়টি ডিএলএএসের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের গোচরে আনা হয়। বালুরঘাট জেলা হাসপাতালের সুপার ও দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তারপর জেলা হাসপাতালে পৃথক ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নেন। এরকম উদ্যোগ রাজ্যে এটাই প্রথম। মঙ্গলবার হাসপাতালের নিচতলায় মেডিসিন ব্লকে নতুন ওয়ার্ডটির উদ্বোধন করেন বনি রায়। তিনি নিজেও একজন রূপান্তরকামী। জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও হাজির ছিলেন অনুষ্ঠানে।

…সঙ্গে লীলা মজুমদার

তাঁর কথায় বড়ো হওয়া মানা প্রত্যেকের। আজীবন বুকের মধ্যে শিশু ‘আমি’টিকে বাঁচিয়ে রাখা সকলের কর্তব্য। আজীবন শিশুদের কথা ভেবে শিশুদের জন্য সম্পাদনা করেছেন ‘সন্দেশ’ পত্রিকা। বেঁচেছেন, বেঁচেছেন দুরন্ত শৈশবে। তিনি কিংবদন্তি লীলা মজুমদার। আগামী ২৬ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। সেই উপলক্ষে ‘সন্দেশ’ এবং ‘বিচিত্রপত্র’ পত্রিকার উদ্যোগে আয়োজিত হচ্ছে লীলা মজুমদার স্মারক বক্তৃতা। এটাই প্রথম বর্ষ। বক্তব্য রাখবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। নিবেদনে লালমাটি প্রকাশনা। আগামী ১৩ ফেব্রুয়ারি, নন্দন ৩-এ বিকেল ৫-৩০টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হবে।

দুর্ঘটনায় খোয়া গিয়েছে পা, শিলিগুড়ির ‘লিও’ পাড়ি দিচ্ছে কানাডা

গত দুর্গাপুজোয় শিলিগুড়ির ফুলেশ্বরী রেল ক্রসিং-এ একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয় স্থানীয় রাস্তার বাসিন্দা একটি সারমেয়। এক দিকের দু’টি পা খোয়া যায় তার। তখন শিলিগুড়ি অ্যানিম্যাল হেল্পলাইন নামের একটি সংস্থা কুকুরটির চিকিৎসা এবং দেখভালের দায়িত্ব নেয়। তাঁরা কুকুরটির নাম রেখেছিলেন লিও। কুকুরটির চিকিৎসা ও অন্যান্য ব্যাপারে সাহায্যের জন্য শহরের অনেকের কাছেই হাত পেতেছিলেন তাঁরা, কেউ সহায়তা করেন, কোথাও বা মেলে শুধুই কটাক্ষ। তাতে দমে জাননি সংস্থার সদস্যরা। অনলাইনে সাহায্যের আবেদন করতে থাকেন। দিল্লির একটি সংস্থা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে যোগাযোগ করে তাঁদের সঙ্গে। জানায়, লিওকে দত্তক নিতে চান কানাডার এক দম্পতি। শুক্রবার লিওকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা মিটলে সে পাড়ি দেবে কানাডা। (ছবি সূত্র -Milaap)

আশ্রমের মাঠে নয়, এবার বসন্তোৎসব হবে পৌষমেলার মাঠে

দোলের দিনই বসন্তোৎসব হতে চলেছে শান্তিনিকেতনে। তবে আশ্রম মাঠ থেকে উৎসব সরিয়ে পৌষমেলার মাঠে অর্থাৎ ভুবনডাঙার মাঠে করা হবে। সাংস্কৃতিক দিকটা বিশ্বভারতী দেখবে, আর বাকিটা দেখবে জেলা প্রশাসন। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে বসন্ত উৎসবে প্রায় ২ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। অনুষ্ঠান শেষে আশ্রম মাঠ থেকে বের হওয়ার বিভিন্ন রাস্তায় জনজোয়ার হয়। প্রায় এক ঘণ্টার বেশি মানুষ একই জায়গায় আটকে পড়েন। এবার এই পরিস্থিতি যাতে না হয় তার জন্য আশ্রম মাঠ থেকে বসন্ত উৎসব অনুষ্ঠান অপেক্ষাকৃত ফাঁকা পৌষমেলার মাঠে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।
Developed by DXDasia