
বিজেপি নেতা-কর্মীদের ‘সবক’ শেখানোর প্রতিদান
বিজেপি কর্মীদের ‘সবক’ শিখিয়ে সাহসিকতার পরিচয় দেওয়া বুলন্দশহরের মহিলা পুলিশ আধিকারিক শ্রেষ্ঠা ঠাকুরকে বদলি করে দেওয়া হল নেপাল সীমান্তে। বদলিকে রুটিন বদলি বলে সরকারি তরফে জানানো হয়েছে। ‘ভাল কাজের পুরস্কার পেয়েছি’। ফেসবুকে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
ট্রাফিক আইন অমান্য করায় উত্তর প্রদেশের সিয়ানার বিজেপি নেতা প্রমোদ লোধীকে আটক করার পর তাকে ছাড়াতে যান আরও ৪ বিজেপি কর্মী। সবাইকেই গ্রেফতারের নির্দেশ দেন শ্রেষ্ঠা ঠাকুর।
শ্রেষ্ঠা ঠাকুরকে বদলি করা হয়েছে নেপাল সীমান্তের বাহারইচে। নির্দেশ পাওয়ার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রেষ্ঠা ঠাকুর। লিখেছেন, ‘নেপাল সীমান্তের বাহারইচে বদলি হয়ে গিয়েছি। কোনও চিন্তা নেই বন্ধুরা। আমি খুশি। এটাকে আমি ভাল কাজের পুরস্কার হিসেবে দেখছি। আপনাদের বাহারইচে আমন্ত্রণ’।
মহিলা পুলিশের কৃতিত্বে যখন দেশজুড়ে সবাই শ্রেষ্ঠার প্রশংসায় পঞ্চমুখ, তখন এই বদলির নির্দেশে স্বভাবতই প্রশ্নের মুখে আদিত্যনাথের সরকার। প্রশাসন অবশ্য রুটিন বদলি বলেই দায় সেরে ফেলতে চাইছে।
