
প্রান্তিক যৌনতার মানুষদের জন্য পিয়ারলেস হাসপাতালে তৈরি হচ্ছে ট্রান্স-ক্লিনিক
একপেশে ধ্যানধারণা বদলে এবার সমকামী, রূপান্তরকামী-সহ প্রান্তিক যৌনতার মানুষদের জন্য কলকাতা শহরের পিয়ারলেস হাসপাতালে তৈরি হচ্ছে ট্রান্স-ক্লিনিক। ইতিমধ্যে ট্রান্স-ক্লিনিক গড়ার কাজে পিয়ারলেসের সঙ্গে হাত মিলিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রান্তকথা’ এবং ‘অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজেন্ডার অ্যান্ড হিজরাস অফ বেঙ্গল (এটিএইচবি)’। প্রশিক্ষণ নিচ্ছেন নিরাপত্তারক্ষী থেকে চতুর্থ শ্রেণির কর্মী, নার্স, চিকিৎসক-সহ হাসপাতালের সঙ্গে যুক্ত অনেকেই। পিয়ারলেস সূত্রের খবর, আগামী ২ মে এই সংক্রান্ত মউ স্বাক্ষরিত হবে। ক্লিনিক শুরু হবে জুন মাসের শুরুতে।
পূর্ব ভারতে এমন উদ্যোগ এই প্রথম বলেই মনে করছেন উদ্যোক্তারা। এই ক্লিনিকে প্রান্তিক যৌনতার মানুষেরা খোলাখুলিভাবে তাঁদের সমস্যার কথা বলতে পারবেন। এমনকি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে। তথাকথিত মূলস্রোতের বাইরে এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়াকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ।
