
শুশুক বাঁচাতে আসছে প্রশিক্ষণপ্রাপ্ত শুশুক
কুনকি হাতি ছিল। এবার মেক্সিকোতে তৈরি হচ্ছে কুনকি ডলফিন। বিলুপ্তির ঝুঁকিতে থাকা সামুদ্রিক প্রাণী শুশুক প্রজাতির সুরক্ষার জন্য মেক্সিকোর সরকার প্রশিক্ষণপ্রাপ্ত কুনকি ডলফিন নিয়োগের পরিকল্পনা করেছে। পরিবেশমন্ত্রী রাফায়েল পাচিয়ানো বলেন, ওই কুনকি ডলফিনগুলো অন্য শুশুকদের একসঙ্গে ধাওয়া করে একটি সামুদ্রিক অভয়াশ্রয়ে পৌঁছে দেওয়ার কাজ করবে। স্তন্যপায়ী শুশুক প্রজাতির সংখ্যা কমে যাচ্ছে বলে মেক্সিকোয় স্থায়ীভাবে এক ধরনের মাছ ধরার জাল ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। এখন তারা শুশুক রক্ষার্থে মার্কিন নৌবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন ব্যবহার করতে চায়।
সমুদ্রবিজ্ঞানীদের অনুমান, ক্যালিফোর্নিয়া উপসাগরে এখন ৪০টিরও কম শুশুক বেঁচে আছে। পাচিয়ানো বলেছেন, ডলফিন নিয়োগের প্রকল্পটি আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। নিখোঁজ ডুবুরিদের খুঁজে বের করতে মার্কিন নৌবাহিনী ডলফিনদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ রকম কয়েকটি ডলফিনকে শুশুক খুঁজে বের করে নিরাপদ আশ্রয়ে তাড়িয়ে নিয়ে যাওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
