সিনেমার প্রযোজক সংখ্যা ১১২৬, আজ মুক্তি পাচ্ছে ‘দুধপিঠের গাছ’-এর ট্রেলার

লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী

সিনেমা-গান-থিয়েটার-আড্ডা – বাংলা জুড়ে আজ কোথায় কী, চলুন জেনে নিই।

•    নদীয়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম আড়ংঘাটা। সেখানকার ১১২৬ জন গ্রামবাসী প্রযোজনা করেছেন একটি বাংলা ছবি। উজ্জ্বল বসুর সেই স্বপ্নের চলচ্চিত্রের নাম ‘দুধপিঠের গাছ’। ভারতীয় চলচ্চিত্রে এই প্রথমবার এমন বিস্তৃত ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে তৈরি হল পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র। আজ কলকাতা প্রেস ক্লাবে বিকেল ৪টেয় মুক্তি পাচ্ছে এই ছবির ট্রেলার। উপস্থিত থাকবেন সংগীত পরিচালক জয় সরকার এবং অভিনেত্রী দামিনী বেণী বসু। 

•    বেনারস এবং তিলোত্তমা কলকাতার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এই নদীর পাড় ধরেই গড়ে উঠেছে জনবসতি, বন্দর, অজস্র কর্মসংস্থান। গঙ্গা নদী এবং তার দুই পাড়ের ইতিহাস ঠিক কেমন ছিল? এখনই বা কেমন আছে ভারতের দীর্ঘতম এই নদী! অজানা তথ্য উঠে আসবে লেখক বিশ্বনাথ ঘোষ এবং ক্যালকাটা ফটো ট্যুরসের প্রতিষ্ঠাতা মনজিৎ সিং হুঞ্জানের কথোপকথনে। আজ কলকাতার অক্সফোর্ড বুকস্টোরে, সন্ধে ৬-৩০টা থেকে।

•    কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ থিয়েটার গ্রুপ কসবা অর্ঘ্য। আজ আকাদেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে তাদের নবতম প্রযোজনা আরিয়ানা ফ্যালাচীর ‘লেটার টু চাইল্ড নেভার বর্ন’ অবলম্বনে ‘কুহোর’। আধারে শঙ্খ ঘোষ, প্রবাল চক্রবর্তী এবং নীলাঞ্জন মিশ্রর কবিতা। ভাবনা ও নির্দেশনায় মণীশ মিত্র। একক অভিনয়ে সীমা ঘোষ।

•    ‘দ্য ঘরে বাইরে’ মিউজিয়াম এক্সিবিশনের পর অনুষ্ঠিত হবে বাংলা ব্যান্ড ফিডলার’স গ্রিনের গান। সেই সঙ্গে তিন দশকের বাংলার শিল্প নিয়ে নানাবিধ কথাবার্তা এবং প্রদর্শনী। আজ বিকেল ৫টায়, ওল্ড কারেন্সি বিল্ডিং-এ এই অনুষ্ঠান আয়োজন করেছে দাগ ওয়ার্ল্ড এবং ক্যালকাটা ক্লাসিক্যাল গিটার সোসাইটি।

•    ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি ‘পার্সেল’ মুক্তি পাচ্ছে আজ। এর আগে ‘বিলু রাক্ষস’ এবং ‘পিউপা’ চলচ্চিত্রে নজর কেড়েছিলেন ইন্দ্রাশিস। ছক ভাঙা বাংলা সিনেমার নতুন কথক এই ইন্দ্রাশিসের ছবি ‘পার্সেল’-এ অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরমায় সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিল। আজ সারা পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এই ছবি।
 

Developed by DXDasia