
সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই সামিটের চেষ্টা
এভারেস্টেও ট্রাফিক জ্যাম! আর তাতে আটকেই আজ সকালে এভারেস্ট শৃঙ্গজয় সম্ভব হল না চন্দননগরের পিয়ালী বসাকের। আজ সকালে ক্লাইম্বিং গাইড পাসাং শেরপাকে নিয়ে ক্যাম্প ফোর থেকে এভারেস্ট শৃঙ্গের দিকে রওনা দিয়েছিলেন পিয়ালী। টানা মন্দ আবহাওয়ার পর আজ সকালে আবহাওয়া ছিল চমৎকার। তাতেই পর্বতারোহীদের ভিড় বেড়ে যায় সামিটের জন্য। কিছুক্ষণ আগে জানা যায়, ২৫০ জনের ভিড় রয়েছে ক্যাম্প ফোরের ওপরে। ফলে, বাধ্য হয়েই আজ সামিটের পরিকল্পনা ত্যাগ করতে হয় পিয়ালীকে।

এভারেস্টের ব্যালকনি (৮,৩০০ মিটার) থেকে আজ ফিরে এসেছেন পিয়ালী। আর মাত্র ৫০০ মিটার দূরেই শৃঙ্গ। সব ঠিক থাকলে কাল ভোরে সামিট করবেন তিনি। রাত পোহালেই ভোটের ফলাফলের পাশাপাশি আসবে এই খবরও।

গোটা অভিযানটাই পিয়ালী করতে চাইছেন সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই। তাঁর ইচ্ছে এভারেস্ট জয় করে সাউথ কলে নেমে ফের লোৎসে শৃঙ্গ জয় করে ফেরার। এই উচ্চতায় টানা দুদিন কাটানো খুবই বিপজ্জনক। বিগত কয়েকদিনে কাঞ্চনজঙ্ঘা ও মাকালু অভিযানে তিন-তিনজন বাঙালি পর্বতারোহীকে হারিয়েছি আমরা। বাড়তি ঝুঁকি না নিয়ে পিয়ালী এভারেস্ট জয় করে সুস্থদেহে ফিরুন, চাইছেন সকলে।
