দীর্ঘ কুড়ি মাস পর কলকাতা মেট্রোয় আবার ফিরছে টোকেন পরিষেবা

লকাতা মেট্রোর যাত্রীদের জন্য রয়েছে সুখবর। দীর্ঘ কুড়ি মাস পর আবার ফিরছে টোকেন পরিষেবা। চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ২৫ নভেম্বর থেকেই টোকেনে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। 

২০২০ সালের মার্চ মাস থেকে রাজ্যে হানা দিয়েছিল করোনা। তারপরেই শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় প্রায় সমস্ত পরিষেবা। গণপরিবহণও তখন ধাক্কা খেয়েছিল। পরবর্তীতে করোনা পরিস্থিতি কিছুটা বাগে এলে গণপরিবহণ আবার চালু হয়। চাকা গড়ায় মেট্রোরও। কিন্তু শুধুমাত্র স্মার্ট কার্ড থাকলে এবং আগে থেকে স্লট বুক করলে তবেই মেট্রোয় চলাচল করা যাচ্ছিল। পরবর্তীতে স্লট বুক উঠে গিয়ে শুধুমাত্র স্মার্ট কার্ড জারি ছিল। এবার আগের মতো চালু থাকবে স্মার্ট কার্ড ও টোকেন দুই-ই।

টোকেন চালু না থাকায় অনেক যাত্রীদেরই বেশ অসুবিধায় পড়তে হত। মেট্রোয় যাঁরা নিত্য যাত্রা করেন না, তাঁদের জন্য স্মার্ট কার্ড সুখকর ছিল না। ভুগতে হত অন্যান্য জেলা বা রাজ্য থেকে আসা যাত্রীদেরও।

যদিও টোকেন চালু হওয়ায় ভিড় বাড়তে পারে। এই মুহূর্তে ভিড় ঠেকানো যাবে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। গত ৯ নভেম্বর বৈঠকে বসেছিলেন মেট্রো রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির সদস্যরা। সেখানে যাত্রী স্বার্থে টোকেন চালুর আবেদন জানানো হয় মেট্রো রেলওয়েকে। যদিও মেট্রোর তরফে জানানো হয়, করোনা পরিস্থিতির জন্য এই মুহূর্তে টোকেন চালু করা সম্ভব হবে না। তবে পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের তরফে যদি টোকেন চালুর পরামর্শ দেওয়া হয়, সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখা হবে। এরপরই সোমবার মেট্রোর তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে টোকেনে সফর করতে পারবেন যাত্রীরা। কিন্তু স্মার্ট কার্ড করিয়ে রাখলে সকলের জন্য তা ভালো। টোকেনের খবরে খুশি মেট্রোর নিত্যযাত্রীরা।

Developed by DXDasia