
শুক্রবার ভরা কোটালে ফের কিছু এলাকায় জল ঢোকার সম্ভাবনা রয়েছে
আজ সারাদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ছে। বৃহস্পতিবার জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ ও ঝাড়খণ্ড সরকার । নেমেছে জমা জলের স্তরও। কিন্তু পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উদ্ধারকার্য চালানোর জন্য আনা হয়েছে হেলিকপ্টার। প্রতাপপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছ ৬৫ জন মানুষকে। বায়ুসেনা MI75V5 চপার-র সাহয্যে চলছে উদ্ধারকার্য। ডিভিসি সূত্রে খবর, মাইথন থেকে ২৫ হাজার কিউসেক জল ছাড়া হলেও দুর্গাপুর ও পাঞ্চেত ব্যারেজ থেকে সারা দিনে জল ছাড়া হয়নি। শুরু হয়েছে বাঁধ সারানোর কাজ। জল কমে গেলেও যাতে অসুখবিসুখ না ছড়ায় তার জন্য জেলায় জেলায় ত্রাণের সঙ্গে পাঠানো হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। সারা রাজ্যে বন্যায় মৃত্যু হয়েছে ২৮ জনের।
তবে শুক্রবার ভরা কোটালে ফের কিছু এলাকায় জল ঢোকার সম্ভাবনা রয়েছে। এ-বিষয়ে জেলা প্রসাশনকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। খোলা হয়েছে মোট ২৬০টি ত্রাণশিবির। প্রায় ৮১ হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। এই বন্যায় প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়ে গেছে। সরকারি সূত্রে খবর, প্রায় ৮২ হাজার ৩৭৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টিতে ভেঙে পড়েছে শহরের আরেকটি বাড়ি। পৌরসভার তরফ থেকে বাড়িটিকে বিপদজনক বাড়ি হিসাবে ঘোষণা করা হয়েছিল।
