বন্যপ্রাণী ও বিভিন্ন প্রজাতির পাখি নিয়ে তৈরি হচ্ছে একটি মিউজিয়মও

টিলার ওপর ঘর। তাই ‘টিলাবাড়ি’ নাম। মেটেলি থানার অধীন ঐ এলাকাতে টিলার ওপর ঘর দেখেই ‘টিলাবাড়ি’ নামকরণ করে ব্রিটিশরা। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম ডুয়ার্সের টিলাবাড়িতে তৈরি করেছে ট্যুরিস্ট কমপ্লেক্স। তারপর থেকেই পর্যটকদের ভিড় বাড়ছে এখানে। বর্তমানে দশটি কটেজ থাকলেও, আগামীতে আরও দশটি কটেজ চালু করা হবে টিলাবাড়িতে। প্রতিটি কটেজে দু’জন করে থাকার ব্যবস্থা। আট বছরের ওপর হলে ২০ শতাংশ অতিরিক্ত ফি। ইকো ট্যুরিজমেরও খানিক অন্তর্ভুক্ত এই টিলাবাড়ি। পর্যটকরা এখান থেকে গরুমারায় জঙ্গল ও জিপ সাফারি করতে পারেন। সঙ্গে ঘুরতে পারেন তিন বিঘা করিডর, ঝালং, বিন্দু, সামসিং, রকি আইল্যান্ডেও। পাশাপাশি, টিলাবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স চত্ত্বরে শীঘ্রই বন্যপ্রাণী ও বিভিন্ন প্রজাতির পাখি নিয়ে তৈরি হতে চলেছে একটি মিউজিয়মও। সহকারী ম্যানেজার ইনচার্জ নিরঞ্জন সাহা জানান, খুব তাড়াতাড়ি শেষ হবে মিউজিয়ম তৈরির কাজ।

 
কলকাতা থেকে পর্যটকরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউ মাল স্টেশনে নেমে ৫০০ টাকার মধ্যে ছোট গাড়ি ভাড়া করে পৌঁছোতে পারেন ১৫ কিলোমিটার দূর টিলাবাড়িতে। আবার, তিস্তা এক্সপ্রেস, তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেসে চাপলে, ময়নাগুড়িতে নেমে ৩০ কিলোমিটার পথ অতিক্রম করেও টিলাবাড়িতে হাজির হওয়া যায়। একপাশে জলদাপাড়া, অন্যদিকে গরুমারা – মাঝখানে টিলাবাড়ি পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। চাইলে কটেজের জন্য অনলাইন বুকিং করতে পারেন আপনিও। ওয়েবসাইট – www.wbtdc.cov.in

Developed by DXDasia