কাটা আঙুল জুড়ে অসাধ্য সাধন করলেন চিকিৎসক

সিএমআরআই হাসপাতালের ঘটনা

কারখানার কাজ করতে গিয়ে হঠাৎই মেশিনে দু’টুকরো হয়ে গিয়েছিল ডান হাতের বুড়ো আঙুল। সেই অবস্থাতেই কয়েক ঘণ্টার মধ্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পলিথিনের প্যাকেটে বরফের মধ্যে সংরক্ষিত করে রেখেছিলেন রোগীর পরিজনরা। ছ’ঘণ্টার মধ্যে সেই আঙুল জুড়ে দিয়ে অসাধ্য সাধন করলেন এক চিকিৎসক।

এটা কোনো সিনেমার গল্প নয়। কিংবা নয় কোনো টানটান উত্তেজনার দুর্ধর্ষ থ্রিলার উপন্যাস। বাস্তবের মাটিতেই এই ঘটনা ঘটেছে খোদ আমাদের মহানগরেই। হাওড়ার বাসিন্দা বছর ছাব্বিশের অমিত মণ্ডল। চাকরি করেন একটি জুতোর ফিতে বানানোর কারখানায়। সেখানেই ঘটে এই বিপত্তি। তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি ভিত্তিতে ঝুঁকি নিয়ে অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছিলেন প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ অ্যান্ড হ্যান্ড সার্জারি বিভাগের চিকিৎসক অনুপম গোলাস। ধমণী ও শিরাগুলো আধুনিক ক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপ দিয়ে ধীরে ধীরে জুড়ে ফেলেন তিনি। অবশেষে সফলভাবেই প্রতিস্থাপন সার্জারি শেষ হয়।

অস্ত্রোপচারের সাত দিনের মধ্যেই বাড়ি ফিরে যান রোগী অমিত মণ্ডল। আগামী তিন চার মাসের মধ্যেই তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসক অনুপম গোলাস। দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অমিত। এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসায় সুস্থবোধ করছেন তিনি।
 

Developed by DXDasia