
চিরকুটে লেখা জল বাঁচান, জীবন বাঁচান
প্রবল জল সংকটে পড়তে চলেছে গোটা দেশ। এখনই যদি জল সংরক্ষণ না করা যায়, তবে ভয়াবহ সমস্যা দেখা যেতে পারে। চেন্নাই হাড়ে হাড়ে তা টের পাচ্ছে। মানুষ কি আদৌ বুঝছে এই ভয়াবহতার কথা? তার জন্য কি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১২ জুলাই ‘জল বাঁচাও দিবস’ ঘোষণা করেছেন। ওইদিন নিজেও পথে নামবেন। ঠিক এমন পরিস্থিতিতে পথে নামল তিন খুদে। সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা ভাইরাল হয়েছে।
বাঁকুড়ার তিন খুদে পড়ুয়া। পঞ্চম শ্রেণির ছাত্র অদ্রীশ মুখার্জি, দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রান্তিক এবং তৃতীয় শ্রেণির ছাত্রী সায়ন্তিকা মুখার্জি ছোটো ছোটো ডায়েরির পাতায় আর পেপার কাটিং করে লিখেছে ‘জল বাঁচান, জীবন বাঁচান’। একজনের হাতে অসংখ্য চিরকুট। তুলে দেওয়া হচ্ছে প্রতিবেশীদের হাতে। বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে ওই খুদেরা। জল অপচয় যাতে না হয়, সেই বার্তা পৌঁছে দিচ্ছে প্রতিবেশী বন্ধুদের মধ্যে। তাদের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়ার মানুষ। জল নষ্ট করলে এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ আর জল পাব না। পথে আমাদের প্রত্যেককেই নামতে হবে। দিশা দেখাচ্ছে বাংলার খুদেরা।
ছবিসূত্র—খবর অনলাইন ডট কম
